মন্ট্রিয়ল মাস্টার্সে বড় ধরনের অঘটন ঘটেছে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা আলেকজান্ডার জভেরেভ দ্বিতীয় রাউন্ডে ডাচ খেলোয়াড় ট্যালন গ্রিকস্পোরের কাছে পরাজিত হয়েছেন। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এবং উইম্বলডন রানার-আপ জভেরেভ ম্যাচটি ৬-৭ (৩/৭), ৬-২, ৬-৪ সেটে হেরেছেন। ম্যাচ শেষে জভেরেভ নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ প্রকাশ করে বলেন, তিনি এমন খারাপ খেলার প্রত্যাশা করেননি। এটি তার মৌসুমের অন্যতম বাজে ম্যাচ ছিল বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, চতুর্থ বাছাই দানিল মেদভেদেভও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। ২০২১ সালের চ্যাম্পিয়ন মেদভেদেভ ৬-৩, ৭-৬ (৭/৫) সেটে পরাজিত হয়েছেন বোটিক ভ্যান ডি জ্যান্ডশুল্পের কাছে। এই ম্যাচে ৪০টি আনফোর্সড এরর মেদভেদেভের হারের পথ প্রশস্ত করে এবং এর ফলে তিনি মাস্টার্স পর্যায়ে ক্যারিয়ারের ১০০তম জয়ের মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হন।
টুর্নামেন্টের স্থানীয় তারকা ফেলিক্স অগার-আলিয়াসিম ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। সোমবার অনুশীলনের সময় পিঠের ইনজুরিতে পড়েন তিনি। অগার-আলিয়াসিম জানান, ইনজুরিটি ছিল আকস্মিক এবং ওয়ার্ম-আপের সময় সার্ভ করতে না পারায় তার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব ছিল। টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি টেট্রাল্ট তার অনুপস্থিতিতে আক্ষেপ প্রকাশ করে বলেন, সবাই তার খেলার অপেক্ষায় ছিল।
অন্যান্য ম্যাচে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পঞ্চম বাছাই বেন শেলটন জেনসন ব্রুকসবির বিপক্ষে ৬-৩, ৭-৫ সেটে জয়লাভ করে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। এছাড়া গ্রিসের স্টেফানোস সিসিপাস ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা জোয়াও ফনসেকার কাছে ৭-৬ (৭/৩), ৭-৫ সেটে পরাজিত হয়েছেন।




























