আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে এসেছেন কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানা। সিআইসি এনবিআরের একটি বিশেষায়িত গোয়েন্দা ইউনিট, যা মূলত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিটের মতো আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত সব ধরনের অপরাধের তদন্ত পরিচালনা করে থাকে।
বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে ২২ জন কর কমিশনারের দপ্তর বদলের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের আওতায় আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এ বদলি করা হয়েছে। এছাড়া আয়কর গোয়েন্দার মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এ এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কবির উদ্দিন মোল্লাকে কর অঞ্চল-৪-এ, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩-এ এবং নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেকটি আদেশের মাধ্যমে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে কর কমিশনার করা হয়েছে। এরা হলেন ড. নুরুল আমিন, মাহবুবুল মোর্শেদ, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈমুর রসুল, এজেডএম নূরুজ্জামান, মো. মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, সালেহীন সিরাজ, মোহাম্মদ শাহ আলম, মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং দুলাল চন্দ্র পান্ডে। আরেকটি আদেশের মাধ্যমে এসব কর্মকর্তার দপ্তর বণ্টন করা হয়েছে।































