২০২৬/২৭ মৌসুমকে সামনে রেখে ইউরোপের ক্লাবগুলোর খেলোয়াড় দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডো আগামী ১ সেপ্টেম্বর বন্ধ হতে যাচ্ছে। ইতোমধ্যে বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া কিংবা মরগান রজার্স, এলিয়ট অ্যান্ডারসন ও ব্রুনো গিমারেসের মতো তারকাদের দলবদল বেশ সাড়া ফেলেছে। তবে দলবদলের সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে স্কোয়াড শক্তিশালী করতে মরিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবগুলো। আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ও অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলো শেষ সময়ে নতুন খেলোয়াড় ভেড়াতে তৎপরতা চালাচ্ছে।
আক্রমণভাগ আরও শক্তিশালী করতে একজন বাঁ-হাতি ফরোয়ার্ডের খোঁজে রয়েছে আর্সেনাল। ভিনিসিয়াস জুনিয়রের পেছনে দলটির দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গানাররা এখন নজর দিয়েছে জুভেন্টাসের উইঙ্গার কেনান ইলদিজের দিকে। তুরস্কের এই আন্তর্জাতিক তারকাকে পেতে হলে আর্সেনালকে গুনতে হতে পারে ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি, যা জুভেন্টাসের দাবি। এই দলবদলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে জুভেন্টাসে পাঠানোর একটি সম্ভাবনাও রয়েছে। তবে আর্সেনাল চাইলে আগামী জানুয়ারি পর্যন্ত এই চুক্তি সম্পন্ন করার জন্য অপেক্ষা করতে পারে।
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন স্প্যানিশ মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেস। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পোর্তো থেকে ইতিহাদে এসেছিলেন তিনি। তবে সিটির কোচ পেপ গার্দিওলার অধীনে দলে থিতু হতে পারেননি এই মিডফিল্ডার। গুঞ্জন রয়েছে, নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে নিতে আগ্রহী। সিটি যদি তার পেছনে খরচ করা পুরো অর্থ তুলে নিতে পারে, তবে মাঝমাঠ পুনর্গঠনের অংশ হিসেবে তাকে বিক্রি করে দিতে পারে।
ক্রিস্টাল প্যালেসের ২২ বছর বয়সী মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টনকে নিয়ে বড় ক্লাবগুলোর আগ্রহ দীর্ঘদিনের। সম্প্রতি ম্যানচেস্টার সিটি তার ব্যাপারে খোঁজখবর নিয়েছে এবং লিভারপুলও তাকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছে। এবারের গ্রীষ্মে ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা না পেলেও প্যালেসের হয়ে দারুণ খেলছেন তিনি। তবে ক্রিস্টাল প্যালেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই গ্রীষ্মে তারা হোয়ার্টনকে ছাড়বে না। ভবিষ্যতে মোটা অঙ্কের ট্রান্সফার ফি পাওয়ার আশায় তাকে আরও কিছুদিন ক্লাবে রাখতে চায় প্যালেস কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে বড় কোনো ক্লাব অবিশ্বাস্য প্রস্তাব না দিলে এই দলবদলটি এখনই হওয়ার সম্ভাবনা কম।



























