ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি পাঁচ নারী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এই প্রত্যাবর্তনের সময় দুদেশের ইমিগ্রেশন কর্মকর্তা, বিজিবি, বিএসএফ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশে ফেরা এই পাঁচ নারী হলেন পাপিয়া আক্তার, শিমু আক্তার, শারমিন খাতুন, লাভলী খাতুন ও রোজিনা খাতুন। তারা যশোর, নড়াইল, বাগেরহাট ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে চার বছর আগে অবৈধ পথে ভারতে পাঠানো হয়েছিল তাদের। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।




























