ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বিচারাধীন থাকলে চাকরিবিধি অনুযায়ী সেই মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তিযোগ্য হতে হবে।
সার্কুলারে জানানো হয়েছে, ২০০৫ সালের ৪ মে জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৬-এর আলোকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা কার্যকর রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় বিভিন্ন ব্যাংকে শৃঙ্খলাজনিত অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওই সার্কুলারের একটি বিধান সংশোধন করা হয়েছে। এছাড়া ২০০৫ সালের নির্দেশনার অন্য সব বিধান অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।






























