দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত ২৭ জুলাই রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রা শুরু করে।
এই রুটটি পুনরায় চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতে এই রুটটি লোকসানের কারণে নয়, বরং অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এবার রুটটি লাভজনক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও সরকার ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে নতুন করে ১৪টি বোয়িং কেনার চুক্তি সম্পন্ন হয়েছে, ১০টি এয়ারবাস কেনা হবে এবং ১০টি এয়ারক্রাফট লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। লিজ নেওয়া এয়ারক্রাফট বহরে যুক্ত হলে এই রুটে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে।
উল্লেখ্য যে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।




























