টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভেড়াতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ক্লাবটির ডিরেক্টর পিয়েরো আউসিলিও বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে টটেনহ্যামের কোচ রবার্তো দে জার্বিও সাফ জানিয়ে দিয়েছেন, ক্লাবে যারা খুশি নন, তাদের চলে যাওয়াই উচিত।
গত মৌসুম শেষ হওয়ার আগে থেকেই গুঞ্জন ছিল যে রোমেরো টটেনহ্যাম ছাড়তে চান এবং ক্লাব কর্তৃপক্ষও তার ওপর ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠছিল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী ছিল, তবে বর্তমানে তাদের অন্য অগ্রাধিকার থাকায় ইন্টার মিলানই এখন এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।
ইন্টারের ডিরেক্টর পিয়েরো আউসিলিও স্কাই স্পোর্ট ইতালিকে বলেন, "অবশ্যই আমাদের আগ্রহ রয়েছে এবং আমরা খেলোয়াড় ও ক্লাব উভয়ের কাছেই আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এই ধরনের প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ সময় লাগে, তবে আমাদের আগ্রহ নিশ্চিত। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।"
ইতালিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিলান প্রথমে ধারে এবং পরবর্তীতে নির্দিষ্ট শর্তে কিনে নেওয়ার (অবলিগেশন টু বাই) প্রস্তাব দিতে যাচ্ছে, যার মোট মূল্য হতে পারে ৪০ মিলিয়ন ইউরো। গত বছর ম্যানচেস্টার সিটি থেকে ম্যানুয়েল আকাঞ্জিকে দলে ভেড়াতেও ইন্টার একই ধরনের কৌশল ব্যবহার করেছিল। তবে টটেনহ্যাম রোমেরোর জন্য ৫০ মিলিয়ন ইউরো দাবি করছে।
টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জার্বির একটি মন্তব্য ইন্টারের এই চুক্তি সহজ করে দিতে পারে। নিউজিল্যান্ডে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দে জার্বি বলেন, "টটেনহ্যামে আসার শুরুতেই আমি বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, যারা টটেনহ্যামে থাকতে চায় না বা এখানে থেকে খুশি ও গর্বিত নয়, তাদের চলে যেতে হবে। আমি চাই খেলোয়াড়রা এখানে খেলতে পেরে গর্বিত ও আনন্দিত হোক এবং টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের মাঠে বড় অনুপ্রেরণা নিয়ে নামুক। বর্তমান ফুটবলে, এমনকি বিশ্বকাপে দেখলেও বোঝা যায়, অনুপ্রেরণাই মূল পার্থক্য গড়ে দেয়। আর কোনো দলে খুশি থাকাটাই হলো সেই অনুপ্রেরণা।"
ইন্টার মিলানে যোগ দিলে তা হবে রোমেরোর জন্য ইতালিয়ান ফুটবলে ফিরে আসা। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ২০১৮ সালে জেনোয়ার হয়ে প্রথম ইউরোপীয় ফুটবলে পা রাখেন। এরপর তিনি জুভেন্টাসে যোগ দেন এবং পরবর্তীতে আতালান্তায় দুর্দান্ত পারফর্ম করেন। অবশেষে ২০২১ সালে ৫৩.৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে টটেনহ্যামের কাছে বিক্রি করা হয়েছিল।




























