চলমান বৈশ্বিক সংঘাতের একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্বে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এই লক্ষ্যকে সামনে রেখেই তেহরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মহসিন নকভি জানান, তেহরানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-আমেরিকা সংঘাত, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার পরিস্থিতি এবং এই সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে।
বৈঠকের মূল লক্ষ্য ছিল উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ পুনরায় কার্যকর করা, যা সংঘাতের একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধান নিশ্চিত করতে ভূমিকা রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের মূল দৃষ্টিভঙ্গি, অবস্থান এবং উদ্বেগের বিষয়গুলো অত্যন্ত খোলামেলাভাবে তুলে ধরেছেন। দুই পক্ষের মধ্যে এই আলোচনা অত্যন্ত আন্তরিক ও অর্থবহ ছিল।
আলোচনার ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে মহসিন নকভি জানান, এই বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং এটি অত্যন্ত ইতিবাচক বার্তার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, আলোচনার এই ধারাবাহিকতা সংঘাত নিরসন এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে।




























