রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলোনসোর সময়টা প্রত্যাশা অনুযায়ী কাটেনি। বায়ার লেভারকুসেনের হয়ে দুর্দান্ত অপরাজিত বুন্দেসলিগা জয়ের পর গত গ্রীষ্মে তিন বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। নতুন এক যুগের সূচনার প্রত্যাশা থাকলেও, ক্লাবের দায়িত্ব নেওয়ার পর ৩৪টি ম্যাচের মধ্যে ২৪টিতে জয় পেলেও শেষ পর্যন্ত জানুয়ারিতে তাকে ক্লাব ছাড়তে হয়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরই মূলত তার বিদায় নিশ্চিত হয়।
প্রাক্তন লিভারপুল তারকা ও ফুটবল বিশ্লেষক জেমি গ্যালাহারের মতে, এই বরখাস্তের পেছনে মূল কারণ ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। গত সেপ্টেম্বরে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে ভিনিসিউসকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই সময় ভিনিসিউস রাগান্বিত হয়ে পানির বোতল ছুড়ে ফেলেছিলেন এবং টাচলাইনে আলোনসোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন। যদিও তারা পরে বিষয়টি মিটিয়ে ফেলেছিলেন, কিন্তু গ্যালাহারের দাবি, ভিনিসিউস মালিকের কাছে গিয়ে নালিশ করেছিলেন এবং নতুন চুক্তি না করার হুমকি দিয়েছিলেন।
স্কাই স্পোর্টসের 'মানডে নাইট ফুটবল' অনুষ্ঠানে গ্যালাহার বলেন, 'জাবি আলোনসো তার চাকরি হারিয়েছেন ভিনিসিউস জুনিয়রের কারণে। বিষয়টি নিয়ে তিনি খুশি ছিলেন না। তিনি মালিকের কাছে গিয়ে কেঁদেছিলেন এবং তখন শোনা গিয়েছিল যে তিনি নতুন চুক্তি স্বাক্ষর করবেন না।' গ্যালাহারের মতে, রিয়াল মাদ্রিদ বরাবরই খেলোয়াড়দের পক্ষ নেয় এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত খেলোয়াড়কে সমর্থন দিয়ে কোচকে বরখাস্ত করে এবং তার বন্ধু আলভারো আরবেলোয়াকে নিয়োগের পথ খোঁজে। উল্লেখ্য, ভিনিসিউস পরবর্তীতে এই গ্রীষ্মে বার্নাব্যুতে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।
রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা প্রসঙ্গে আলোনসো নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। ৪৪ বছর বয়সী এই কোচ স্বীকার করেছেন যে, স্প্যানিশ রাজধানীতে কাটানো সময়টি তার ক্যারিয়ারে একটি 'ক্ষত' তৈরি করেছে। তবে তিনি জানিয়েছেন, সেই ক্ষত এখন শুকিয়ে গেছে এবং তিনি চেলসির কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। চেলসির দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে দারুণ শুরুও করেছেন তিনি। এখন বৃহস্পতিবার কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে লুটন টাউনের বিপক্ষে নিজের প্রথম প্রতিযোগিতামূলক হোম ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর অপেক্ষায় আছেন আলোনসো।
































