কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাকে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিএস একাদশ ব্যাচের এই কর্মকর্তা লন্ডনে যোগ দেওয়ার আগে ফরেন সার্ভিস একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়সমূহে ঢাকার স্থায়ী প্রতিনিধি এবং অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও ২০১৫ সালের আগস্ট থেকে দীর্ঘ পাঁচ বছর তিনি ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এর বাইরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত হিসেবে কাজ করার পাশাপাশি কুয়েত, রোম ও দোহা মিশনেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাই কমিশনার হিসেবে নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। একই সঙ্গে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করার কথা বলা হয়েছে এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে তার দায়িত্বের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
শিক্ষাজীবনে আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা অর্জন করেছেন।
































