পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে একদল ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী মিক্সন শেখের বাড়িতে মঙ্গলবার ভোররাতে আট সদস্যের একটি ডাকাত দল হানা দেয়। তারা ভবনের দুই পাশের গ্রিল কেটে পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর ছোট ভাই এমরানের ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে এমরানের হাত-পা বেঁধে তাকে জিম্মি করে ফেলে। এরপর লকার ভেঙে দুটি সোনার চেইন, একটি আংটি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে। তবে ডাকাত দলটি মিক্সন শেখের স্ত্রী সেলিনা বেগমের ঘরের দরজা ভাঙার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়।
ডাকাতির সময় ঘরের ভেতর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনে প্রতিবেশী রেহানা বেগম এগিয়ে আসেন। এ সময় ডাকাতরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
































