অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যমের মাধ্যমে পরিচালিত ঋণ কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই সতর্কতা জারি করে। এর আগে ২৩ আগস্ট প্রথম আলোতে ‘মুঠোফোনে ঋণের ভয়ংকর ফাঁদ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশে সক্রিয় অন্তত ৩০টি অবৈধ অ্যাপ এবং এগুলোর মাধ্যমে ভুক্তভোগীদের হয়রানির চিত্র তুলে ধরা হয়েছিল।
বিএফআইইউ জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, মুঠোফোনের কন্টাক্ট লিস্ট এবং ছবি হাতিয়ে নিচ্ছে। ঋণ আদায়ের নামে এসব প্ল্যাটফর্ম গ্রাহকদের ওপর অযাচিত চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং যথাযথ আইন অনুসরণ ছাড়া কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের ঋণ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ)(৫) ধারা অনুযায়ী এ ধরনের প্রতারণামূলক ঋণ কার্যক্রম অর্থ আত্মসাৎ হিসেবে গণ্য হয়, যা একই আইনের ৪ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
প্রতারণার হাত থেকে বাঁচতে বিএফআইইউ সাধারণ মানুষকে চারটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এগুলো হলো—যেকোনো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকা, প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হওয়া, অপরিচিত অ্যাপে জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত তথ্য প্রদান না করা এবং ঋণ দেওয়ার আগে কোনো ধরনের অগ্রিম ফি বা প্রসেসিং ফি দাবি করলে সতর্ক থাকা।
বিএফআইইউর নজরে আসা ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপের মধ্যে রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, টাকা ক্যাশ লোন, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হলে অথবা এ ধরনের কোনো প্রতিষ্ঠানের তথ্য জানা থাকলে বিএফআইইউর ওয়েবসাইটে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।



























