দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২১৮ জনে। এছাড়া একই সময়ে আরও ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩২ y হাজার ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।





























