সিরাজগঞ্জে গত ১৯ নভেম্বর রাতে জেলা বিএনপির কার্যালয়ে লকডাউনের সমর্থনে ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে নিষিদ্ধ সংগঠনটি ৮ দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে ওই ব্যানার টাঙায়।
একই দিনে সিরাজগঞ্জ শহরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিকেলে শহরের এস এস রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং ভেতরে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বিক্ষুব্ধ জনতা কার্যালয় ভাঙচুর করতে এলে পুলিশ তাদের নিবৃত্ত করে।
এদিকে, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে সন্ধ্যার পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাতে কার্যালয়ে ব্যানার টাঙানোর বিষয়টি তাদের দলের নয়। তিনি একে ‘ছেঁচড়া চোরের কাজ’ বলে মন্তব্য করেন। আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। তার ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতিতে দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ বিক্ষুব্ধ। যারা ২০২৪ সালের আগস্টে স্বৈরাচার বিদায় করেছিল, সেই বিক্ষুব্ধ ছাত্র-জনতাই এই ভাঙচুর চালাচ্ছে। এদিকে, দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।






























