ভারতের রাজধানী দিল্লির আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কায় কর্তৃপক্ষ দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েন এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে দেখা যায়।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
আইএমডি-র স্বল্পমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লির কিছু স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা কোনো কোনো সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
























