প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২: ১৩ (05-09-2026, 02:13)
ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে বের করা একটি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ মাগরিব মিছিলের শুরু ও শেষ পর্যায়ে দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ১১ দলীয় ঐক্যের নেতাদের সূত্রে জানা গেছে, ধলিয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে লংমার্চকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি যখন বাজারের জিরো পয়েন্টে পৌঁছায়, তখন পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
এই বিষয়ে জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম জানান, মিছিলের শুরুর দিকে একটি এবং শেষ পর্যায়ে এসে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।
একই ঘটনার বর্ণনা দিয়ে ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক নূর নবী বলেন, মিছিলটি শুরু হওয়ার পর পেছনের দিকে প্রথমে একটি এবং পরে মিছিলটি যখন প্রধান সড়কে ওঠে, তখন আরেকটি ককটেল ছুড়ে মারা হয়। তবে এতে কেউ আহত হননি।
এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তিনি যতটুকু শুনেছেন সেখানে কোনো ককটেল বিস্ফোরণ ঘটেনি, বরং বাজি ফোটানো হয়েছে। আনন্দ প্রকাশ করতে গিয়ে কেউ বাজি ফুটিয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
























