কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দীর্ঘদিন পর আবারও জনসমক্ষে এসেছেন। দেশের শীর্ষ নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর একটি বিশেষ শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ৯৫ বছর বয়সী এই প্রবীণ নেতার স্বাস্থ্য নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এলেন।
গত শনিবার রাতে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে ১০ মিনিটেরও বেশি সময় ধরে একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়। সেখানে ঐতিহ্যবাহী জলপাই-সবুজ সামরিক পোশাকে দেখা গেছে রাউল কাস্ত্রোকে। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী ও নাতি রাউল গুইলারমো রদ্রিগেজ কাস্ত্রো। এর আগে গত ১৩ আগস্ট তাকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, রাউল কাস্ত্রোর নাতি চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক বৈঠকে অংশ নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে কিউবার ওপর মার্কিন তেল ও আর্থিক অবরোধ আরোপের পর এই আলোচনা শুরু হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও বৃদ্ধি পেয়েছে। জ্বালানি অবরোধের পর উভয় দেশের কর্মকর্তারা আলোচনার কথা স্বীকার করলেও এর এজেন্ডা বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বর্তমানে কিউবা সরকার বা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে কোনো আনুষ্ঠানিক পদে নেই রাউল কাস্ত্রো। ফলে তাকে খুব কমই জনসমক্ষে দেখা যায়। গত জুলাই মাসে কিউবান বিপ্লবের সবচেয়ে বড় উদযাপনের বার্ষিকীর সমাবেশে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তিনি অনুপস্থিত ছিলেন, যা তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল। এছাড়া, ১৯৯৬ সালে একটি কিউবা-বিরোধী সংগঠনের হালকা বিমান ভূপাতিত করার ঘটনায় গত জুনে মার্কিন বিচার বিভাগ এই প্রবীণ নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছিল।
শনিবারের প্রচারিত ফুটেজে দেখা যায়, রাউল কাস্ত্রো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন এবং অনুষ্ঠানস্থলের প্রথম সারিতে আসন গ্রহণ করছেন। অনুষ্ঠান চলাকালীন তিনি বেশ কয়েকবার দাঁড়িয়ে সম্মাননাপত্র গ্রহণ করেন এবং উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রাউল কাস্ত্রোর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেন, "পার্সোনাল সিকিউরিটি ডিরেক্টরেটের ৬৫তম বার্ষিকী উদযাপনে আর্মি জেনারেলের (রাউল কাস্ত্রো) সাথে অংশ নিতে পারা অত্যন্ত সম্মানের।" তিনি উল্লেখ করেন, ১৯৬১ সালের সেপ্টেম্বর মাসেরও আগে বিপ্লবী সংগ্রামের দিনগুলোতে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে এই সংস্থার সূচনা হয়েছিল।
মার্কিন জ্বালানি অবরোধের কারণে কিউবায় গত পাঁচ বছর ধরে তীব্র সংকট চলছে, যা দেশটির অর্থনীতি ও জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। বর্তমানে সেখানে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে লোডশেডিংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।


























