নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নিয়ে তারা এই কৃতিত্ব অর্জন করেছে। তবে ম্যাচটি মোটেও সহজ ছিল না বাংলাদেশের জন্য। শুরুতে ব্যাটিং করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের দুর্দান্ত বোলিং তোপের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে বড় সংকটে পড়েছিল দলটি।
সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে সুরক্ষাক কোট্টি মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। এছাড়া ইন্ধুজা নন্দকুমার দুটি উইকেট নেন। এমন বিপর্যয়ের মুখে হাল ধরেন শারমিন আক্তার ও নাহিদা আক্তার। তাদের ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে লড়াইয়ে ফেরায়। শারমিন ৩১ বলে তিনটি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন। নাহিদা ২৬ বলে অপরাজিত ১৬ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। মারুফা আক্তার ইনিংসের শুরুতে আঘাত হানেন। এরপর স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন। নাহিদা আক্তার ১৮ রান দিয়ে দুই উইকেট শিকার করেন। রাবেয়া খান তিনটি উইকেট তুলে নিয়ে জয়ের পথ সহজ করে দেন। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয় সংযুক্ত আরব আমিরাত। হিনা হটচান্দানি দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন।
এই জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।





























