ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলার জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির সরাসরি সামরিক সংঘাতের ফলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর এই হামলা চালানো হয়। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ট্যাংকারে হামলার পর জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আল আজরাক ঘাঁটি লক্ষ্য করে ইরান কমপক্ষে ১৮ থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় সবকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, অকেজো করে দেওয়া পাঁচটি ইরানি তেল ট্যাংকারের নাম হলো— এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন ১, এম/টি রিয়েস্কো এবং এম/টি দেরিয়া। এর মধ্যে প্রথম চারটি ট্যাংকার ওমান সাগরে এবং পঞ্চমটি ইরানের জ্বালানি রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপের কাছে অবস্থান করছিল।
হামলায় জাহাজগুলোর ব্যাপক ক্ষতি হলেও কোনো ক্রু হতাহত হননি বলে নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। সেন্টকম জানায়, জাহাজগুলোতে আঘাত হানার আগেই সেগুলোর ক্রুদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত গত রবি ও সোমবার হরমুজ প্রণালিতে মার্কিন টহল জাহাজে আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালায় সেন্টকম।































