যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতির হার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে এই হার বেড়ে ৩.৬ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৩.৫ শতাংশ। এই পরিস্থিতি আগামী মাসে ব্যাংক অব ইংল্যান্ডের টানা দ্বিতীয়বারের মতো সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানিয়েছে, মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির প্রধান কারণ হলো জ্বালানি তেলের উচ্চমূল্য। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় জ্বালানি তেলের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পাম্পের তেলের দাম এবং গৃহস্থালির জ্বালানি বিলের ওপর।
ব্যাংক অব ইংল্যান্ডের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ। তবে আগামী মাসগুলোতে অভ্যন্তরীণ জ্বালানি বিলের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় মূল্যস্ফীতি এই লক্ষ্যমাত্রার চেয়ে আরও উপরে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক অর্থনীতিবিদ মনে করছেন, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নীতিনির্ধারকরা ডিসেম্বরে সুদের হার পুনরায় বাড়াতে বাধ্য হবেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের প্রধান অর্থনীতিবিদ সুরেন থিরু মন্তব্য করেছেন, এই পরিসংখ্যানের পর ডিসেম্বরে সুদের হার বাড়ানো এড়ানো কঠিন মনে হচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ড তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশে উন্নীত করেছিল। ব্যাংকটি তখন জানিয়েছিল, যুক্তরাজ্যের ঋণের খরচের বিষয়টি মূলত ইরান যুদ্ধের পরিস্থিতির ওপর নির্ভর করছে।
তবে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়ের পর গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সংঘাত তীব্র করবেন না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড বর্তমানে প্রতি ব্যারেল ৯২ ডলারে লেনদেন হচ্ছে, যা মাসের শুরুতে ছিল প্রায় ১১০ ডলার।
বিশেষজ্ঞদের মতে, যদি তেল ও গ্যাসের দামের এই নিম্নমুখী প্রবণতা আগামী কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তবে মূল্যস্ফীতির প্রত্যাশিত শীর্ষমাত্রা—যা ব্যাংক অব ইংল্যান্ড ৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ধারণা করছে—তা কিছুটা কম হতে পারে। এটি ব্যাংক অব ইংল্যান্ডসহ অন্যান্যদের সুদের হার বৃদ্ধির প্রয়োজনীয়তা কমিয়ে আনতে সহায়তা করতে পারে।





























