উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কোনো জ্যেষ্ঠ পুত্রসন্তান আছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)। একই সঙ্গে সংস্থাটি তাদের আগের মূল্যায়নের পুনরাবৃত্তি করে জানিয়েছে যে, কিমের মেয়েই দেশটির পরবর্তী নেতা বা উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। এর আগে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন কিম ও তার স্ত্রী রি সোল জু দম্পতির কোনো ছেলে নেই।
এনআইএস জানিয়েছে, কিমের কোনো ছেলে থাকলেও বর্তমান পরিস্থিতিতে তিনি তার বাবার উত্তরসূরি হওয়ার মতো অবস্থানে নেই। ২০১১ সালে কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন ক্ষমতা গ্রহণ করেন। গোয়েন্দা সংস্থার মতে, কিমের মেয়ে কিম জু আয়ে, যার বয়স আনুমানিক ১৩ বছর, তিনিই তার বাবার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। যদিও সংস্থাটি কিমের কোনো বড় ছেলে আছে কি না তা যাচাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তারা স্পষ্ট করেছে যে ছেলে থাকলেও তিনি উত্তরাধিকারী হতে পারবেন না। এছাড়া কিম জং উনের আরও একটি ছোট সন্তান রয়েছে, তবে তার লিঙ্গ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কিম জু আয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে গোয়েন্দা সংস্থাটি নতুন করে কোনো ব্যাখ্যা দেয়নি, তবে এর আগে তারা তার জনসম্মুখে উপস্থিতি এবং তাকে দেওয়া রাষ্ট্রীয় প্রটোকল বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে পৌঁছেছিল। ২০২২ সালের শেষ দিক থেকে কিম জু আয়েকে তার বাবার সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং বড় ধরনের সামরিক কুচকাওয়াজের মতো উচ্চ-পর্যায়ের অনেক অনুষ্ঠানে দেখা গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাকে কিমের 'সবচেয়ে প্রিয়' বা 'সম্মানিত' সন্তান হিসেবে অভিহিত করে এবং তাদের ঘনিষ্ঠতা ও তার ক্রমবর্ধমান রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে নিয়মিত ছবি ও ভিডিও প্রচার করে আসছে।
উল্লেখ্য যে, কিম জু আয়ের নামের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যানের একটি মন্তব্যের মাধ্যমে। ২০১৩ সালে পিয়ংইয়ং সফরের সময় তিনি কিম জং উনের শিশুকন্যাকে কোলে নেওয়ার ঘটনাটি স্মরণ করেছিলেন। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, এনআইএস তাদের সংসদীয় কমিটিকে জানিয়েছে কিম জু আয়ের বড় ভাই আছে। তবে সংস্থাটি পরে জানায় যে, কিমের ছেলে থাকার বিষয়টি তারা এখনো যাচাই করছে।
উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরাধিকার নিয়ে বাইরে যে আলোচনা চলছে, সেখানে কিমের ছেলে আছে কি না তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়, কারণ দেশটির রাজনীতি পুরুষশাসিত। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তর কোরিয়ার তিন নেতা—কিম ইল সুং, কিম জং ইল এবং কিম জং উন—সবাই পুরুষ। কিছু বিশেষজ্ঞ মনে করেন, বয়োজ্যেষ্ঠ উত্তর কোরিয়ান কর্মকর্তারা কোনো নারীকে নেতা হিসেবে মেনে নেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া, কিম জু আয়ে যদি অন্য পরিবারের কোনো পুরুষকে বিয়ে করেন এবং তাদের সন্তানকে ক্ষমতা হস্তান্তর করেন, তবে কিম পরিবারের শাসনের অবসান ঘটতে পারে বলেও অনেকে মত দেন। অন্যদিকে, অনেক বিশেষজ্ঞের মতে, ৪২ বছর বয়সী কিম জং উন এখনো তার উত্তরাধিকারী ঘোষণার জন্য যথেষ্ট তরুণ এবং এমন পদক্ষেপ তার নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করতে পারে।





























