চলতি সেরি আ মৌসুমে ক্যালিয়ারির গোলপোস্টের নিচে অন্যতম কার্যকর খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এলিয়া কাপ্রিল। ১১টি লিগ ম্যাচে চারটি ক্লিন শিট রেখে এবং অন্য যেকোনো গোলরক্ষকের চেয়ে বেশি সেভ করে তিনি আলোচনায় এসেছেন। তবে ২৫ বছর বয়সী এই গোলরক্ষকের পথচলা সবসময় মসৃণ ছিল না। এক সময় ক্যারিয়ার ছেড়ে দেওয়ার কথা অনেকবার ভেবেছিলেন তিনি। ছোটবেলায় ওজন বেশি থাকা এবং উচ্চতায় ছোট হওয়ায় কোচদের কাছ থেকে নানা নেতিবাচক মন্তব্য শুনতে হতো তাকে। তবে গোলকিপিং কোচ ব্রেসান এবং স্কুইজ্জির পরামর্শ তাকে লড়াই চালিয়ে যেতে সাহায্য করে।
নাপোলি ছেড়ে ক্যালিয়ারিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না। নাপোলির কোচ আন্তোনিও কন্তে চেয়েছিলেন তিনি যেন আলেক্স মেরেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলে জায়গা করে নেন। কিন্তু নিয়মিত খেলার তাগিদে ২৫ বছর বয়সী কাপ্রিল নাপোলি ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, 'কন্তে আমাকে বলেছিলেন থেকে যেতে এবং লড়াই করতে। তিনি সৎ ছিলেন, আমিও ছিলাম। তিনি আলেক্সকে বেছে নিয়েছিলেন এবং স্কুদেত্তো জিতেছিলেন, তাই তার সিদ্ধান্ত সঠিক ছিল। তবে আমার বয়স ২৩ এবং আমি খেলার জন্য মুখিয়ে ছিলাম। মাঠে নামার শারীরিক প্রয়োজন অনুভব করছিলাম।' কাপ্রিল আরও জানান, জানুয়ারি মাসে যখন তিনি ক্লাব ছাড়ার কথা জানান, তখন কন্তে বিষয়টি ভালোভাবে নেননি, তবে তিনি তার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন।
ইতালির জাতীয় দলের বিবেচনায় জিয়ানলুইজি ডনারুমা, গুগলিয়েলমো ভিকারিও, মার্কো কার্নেসেচি এবং আলেক্স মেরেটের মতো গোলরক্ষকদের পেছনে রয়েছেন কাপ্রিল। এখন পর্যন্ত ইতালির সিনিয়র দলের হয়ে কোনো ম্যাচ না খেলা এই গোলরক্ষক আলবেনিয়ার নাগরিকত্ব পেয়েছেন তার সঙ্গীর সুবাদে। আলবেনিয়া জাতীয় দল থেকে ডাক পেলে বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি। কাপ্রিল বলেন, 'আমি জানি না এ থেকে কিছু হবে কি না, কারণ এখন পর্যন্ত কোনো ফেডারেশন আমার সঙ্গে যোগাযোগ করেনি। যদি তারা ডাকে, তবে আমি অবশ্যই বিষয়টি মূল্যায়ন করব।'























