সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপিত বেশ কয়েকটি ড্রোনের আঘাতে পাইপলাইনটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এসপিএ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছে। এই হামলার ফলে বেশ কিছু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর সৌদি আরব আপাতত কোনো সামরিক প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রীর অনুরোধে রিয়াদ এই পর্যায়ে কোনো পাল্টা পদক্ষেপ গ্রহণ না করে ইরাকি সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রচেষ্টার লক্ষ্য হলো ইরাকের মাটি থেকে সৌদি আরব এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের হামলা প্রতিরোধ করা। তবে সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে যে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থাপনা সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
এদিকে, সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক। ইরাকের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি এমন যেকোনো হামলার নিন্দা জানায় বাগদাদ। ইরাকের প্রধানমন্ত্রী এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে উপসাগরের কাছে অবস্থিত আবকাইক সংযোগকারী এই পাইপলাইনের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। ইরানের মাধ্যমে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতেই মূলত এই পাইপলাইনটি ব্যবহার করা হচ্ছে।





























