কৃষ্ণসাগরের কার্চ প্রণালীর ওপর নির্মিত ১২ মাইল দীর্ঘ কৌশলগত ক্রাইমিয়া সেতুতে সাত ধাপের এক জটিল সামরিক অভিযান চালিয়ে সেতুটির মূল সড়কপথের একটি বিশাল অংশ ধসিয়ে দিয়েছে ইউক্রেন। মস্কোর দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার সামরিক শক্তির অন্যতম প্রধান প্রতীক এবং অন্যতম সুরক্ষিত এই অবকাঠামোটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেতুটি ধ্বংসের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এটি পুনর্নির্মাণ করা হবে এবং তা আগের চেয়েও উন্নত করা হবে। তবে উন্মোচনের আট বছর পর কিয়েভ প্রমাণ করল যে, তারা মস্কোর সর্বোচ্চ সুরক্ষিত অবকাঠামোর প্রতিরক্ষাব্যুহ ভেদ করতে সক্ষম।
মঙ্গলবার ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, প্রতিরক্ষার প্রতিটি স্তর ভেদ করতে ক্রাইমিয়া সেতুতে হামলাটি ধাপে ধাপে পরিচালনা করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এবং সামরিক বাহিনীর জেনারেল স্টাফ যৌথভাবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো একে একে ধ্বংস করে।
অভিযানের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর রাতে ড্রোনের মাধ্যমে সেতুটিতে একটি বড় ধরনের হামলা চালানো হয়েছিল। সে সময় সড়ক অংশের খিলান বা আর্চ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পুরো অবকাঠামো দাঁড়িয়ে ছিল এবং সংক্ষিপ্ত বিরতির পর যানবাহন চলাচল আবার চালু করা হয়। তবে সেটি ছিল দীর্ঘ অভিযানের শেষ মুহূর্তের আগের ধাপ মাত্র। ১৭ নভেম্বর ভোরের দিকে সেতুটির দুর্বল হয়ে পড়া খিলান কাঠামো লক্ষ্য করে চূড়ান্ত আঘাতটি হানে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনে তৈরি 'ফ্ল্যামিঙ্গো' ক্ষেপণাস্ত্র থেকে নেওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি সেতুর মূল স্প্যান ও স্টিলের খিলানের দিকে ধেয়ে যাচ্ছে এবং আঘাত হানার ঠিক মুহূর্তেই দৃশ্যটি থমকে যায়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরাইউএসআই)-এর অস্ত্র বিশেষজ্ঞ জাস্টিন ব্রঙ্ক জানান, ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্রটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণের উপযোগী করে রূপান্তর করা হয়েছিল। এর ফলে সেতুর মূল স্তম্ভে সুনির্দিষ্টভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্রটির অত্যন্ত ভারী শক্তিশালী বিস্ফোরক অংশ শক্তিশালী কংক্রিটের কাঠামো ও সাপোর্ট ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ছিল।
প্রেসিডেন্ট জেলেনস্কি পরে নিশ্চিত করেন, এই হামলায় একাধিক ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। এর ফলে কয়েক হাজার টন ওজনের এবং প্রায় ২২৭ মিটার দীর্ঘ সড়কপথের বিশাল খিলানটি প্রণালীর পানিতে ভেঙে পড়ে। ক্রাইমিয়ার উত্তর উপকূল থেকে দিনের আলোয় তোলা ছবিতে দেখা গেছে, পিচঢালা সড়কের প্রায় ২০০ মিটার (৬৬০ ফুট) দীর্ঘ অংশ সমুদ্রে তলিয়ে গেছে। এই খিলানটি কেবল আলঙ্কারিক ছিল না, বরং পুরো সেতুর ভারসাম্য ও ওজন বহনে প্রধান গাঠনিক ভূমিকা পালন করত।
হামলায় সড়কের পাশাপাশি থাকা রেলওয়ে অংশের খিলানটি দাঁড়িয়ে থাকলেও সেটিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সেতুর সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরবর্তীতে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটির অবকাঠামো প্রকৌশলী কলিন ক্যাপ্রিয়ানি জানান, মূল স্প্যানের এই ক্ষতি অত্যন্ত ভয়াবহ এবং ইউক্রেনীয় অস্ত্রের লাগালের মধ্যে থাকায় সেতুটি কীভাবে পুনর্নির্মাণ করা সম্ভব তা কল্পনা করাও কঠিন। প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান সিওডব্লিউআই (COWI)-এর ডেভিড ম্যাককেঞ্জি বলেন, সেতুর সবচেয়ে সংবেদনশীল অংশে আঘাত করা হয়েছে। ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হলেও পূর্ণাঙ্গ সড়ক যোগাযোগ ফের চালু করতে এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।
রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপকে বিমান ঘাঁটি, সেনা সমাবেশ, প্রশিক্ষণ কেন্দ্র ও রসমদের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। সেখান থেকেই ইউক্রেনের অন্যান্য অংশে হামলা চালানো এবং দক্ষিণ ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনীকে সরবরাহ পাঠানো হতো। গ্রীষ্মকালে ইউক্রেন ক্রাইমিয়াকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি 'দ্বীপে' পরিণত করার যে ঘোষণা দিয়েছিল, এই হামলা তারই ধারাবাহিক অংশ। এখন সম্পূর্ণ অবরোধ বলা না গেলেও ক্রাইমিয়ায় গুরুতর পরিবহন ও রসদ সংকটের ঝুঁকি অনেক বেড়ে গেছে।
দখলকৃত জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের মধ্য দিয়ে একটি স্থল করিডোর থাকলেও ইউক্রেন নিয়মিতভাবে উত্তর ক্রাইমিয়ার পরিবহন পথ এবং চোঙ্গার এলাকার সেতুগুলোতে হামলা চালিয়ে আসছে, যা ইতিমধ্যেই জ্বালানি ও সামরিক সরবরাহ ব্যাহত করেছে। কার্চ প্রণালী দিয়ে ফেরি চলাচলের বিকল্প থাকলেও কৃষ্ণসাগরে ইউক্রেনীয় জলযান ও ড্রোন সক্রিয় থাকায় সমুদ্রপথে রসদ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া সেতুর ভেঙে পড়া খিলানের বিশাল ধ্বংসাবশেষ জাহাজের যাতায়াত পথ অবরুদ্ধ করতে পারে, যা আজভ সাগরের মারিউপোল ও বেরদিয়াঙ্কসের মতো দখলকৃত বন্দরগুলোর কার্যক্রমকে ব্যাহত করবে।
সামরিক গুরুত্বের বাইরে এই ধ্বংসের মনস্তাত্ত্বিক তাৎপর্যও অপরিসীম। ২০১৮ সালে রাশিয়ায় তৈরি ট্রাক নিজে চালিয়ে পুতিন বিজয়ী বেশে ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যকার এই একীভূতকরণ সেতুর উদ্বোধন করেছিলেন। ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর প্রায় পাঁচ বছর পর পুতিনের সেই ক্ষমতার প্রিয় প্রতীকটিই এখন সমুদ্রের তলদেশে পড়ে রয়েছে।


























