নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে দীর্ঘ ৪ ঘণ্টা ৩৮ মিনিটের এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ইউএস ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন আমেরিকান টেনিস তারকা ফ্রান্সিস টিয়াফো। ১১তম বাছাই টিয়াফো ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩, ৭-৬ (১০/৬) সেটে পরাজিত করেছেন ২২ বছর বয়সী স্বদেশি প্রতিপক্ষ মিকেলসেনকে। এই জয়ের মাধ্যমে গত পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো টুর্নামেন্টটির শেষ চারে নিজের নাম লেখালেন টিয়াফো।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে ওঠা মিকেলসেন পুরো ম্যাচে টিয়াফোকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে কোনো সেট না হারা মিকেলসেন তৃতীয় সেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের খুব কাছেই ছিলেন। তবে সেই মুহূর্তে দুটি ডাবল ফল্ট করে তিনি টিয়াফোর ফেরার সুযোগ করে দেন। এরপর অভিজ্ঞ টিয়াফো ম্যাচে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
ম্যাচ শেষে হতাশ মিকেলসেন বলেন, আমি মনে করি আমি নিজে থেকেই তাকে ম্যাচটি উপহার দিয়েছি। এরপর থেকেই সে খুব ভালো খেলতে শুরু করে। ৪৬তম র্যাঙ্কিংধারী এই তরুণ আরও বলেন, আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা সফল হইনি। ম্যাচটি মানসিকভাবে বেশ ক্লান্তিকর ছিল। ফ্রান্সিস খুব ভালো মানুষ, সে কিছু ব্যক্তিগত কথা বলেছে যা আমার ওপর প্রভাব ফেলেছে।
ম্যাচের শুরুর দিকে টিয়াফোকে কিছুটা নিষ্প্রভ দেখা গিয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, দর্শকরা যেমন নিস্তেজ ছিল, আমি তাদের চেয়েও বেশি নিস্তেজ ছিলাম। আমি মজা করে বলছিলাম, কিন্তু আমি যখন ছন্দ ফিরে পেতে শুরু করি, তখন দর্শকরাও জেগে ওঠে। তৃতীয় সেটে টিকে থাকার পর টিয়াফো নতুন উদ্যমে ফিরে আসেন। শেষ সেটে মিকেলসেন ব্রেক করলেও টিয়াফো হাল ছাড়েননি। শেষ পর্যন্ত একটি ফোরহ্যান্ড উইনারের মাধ্যমে ১০ পয়েন্টের ম্যাচ টাইব্রেকারে জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে টিয়াফো বলেন, এই মুহূর্তটি অনেক বড়। আমি এখানে অনেক দারুণ ম্যাচ জিতেছি, আবার অনেক কঠিন ম্যাচও হেরেছি। এই জয়টি আমার কাছে দারুণ অনুভূতির। সেমিফাইনালে টিয়াফো এখন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ অথবা অষ্টম বাছাই বেন শেলটনের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন।




























