ফিলিপাইনে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। শনিবার কোস্টগার্ড পুড়ে যাওয়া ওই নৌযান থেকে আরও ৪১টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করার পর নিহতের সংখ্যা এক লাফে এতটা বৃদ্ধি পেল।
কোস্টগার্ডের মুখপাত্র কমোডোর নোয়েমি কায়াবিয়াব এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার করা নতুন মরদেহগুলো পালাওয়ানের করন বন্দরে নিয়ে যাওয়া হবে। এর আগে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা এই পর্যটন শহরের একটি কবরস্থানে কফিন নিয়ে যান, যেখানে গত বুধবার অগ্নিকাণ্ডের শিকার ‘এমভি জুন অ্যাস্টার’ (M/V June Aster) ফেরির ভুক্তভোগীদের সাময়িকভাবে দাফন করা হবে। ফরেনসিক বিশেষজ্ঞরা মরদেহগুলো শনাক্তকরণের জটিল প্রক্রিয়া শুরু করার পর শনিবার সকালেই সমুদ্রপথে প্রথম ৩০টি মরদেহ সেখানে পৌঁছায়।
দুর্ঘটনার পরপরই ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। নতুন করে ৪১টি মরদেহ উদ্ধারের পর এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। পুড়ে যাওয়া ফেরিটি বর্তমানে উপকূল থেকে প্রায় ৭.৫ কিলোমিটার (৪.৫ মাইল) দূরে আটকে রয়েছে। করন শহরের পর্যটন কর্মকর্তা ও সরকারি মুখপাত্র ক্রিস্টিন আব্লানা সাংবাদিকদের জানান, ডিএনএ পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের মরদেহ সংরক্ষণের জন্য এক মিটার (তিন ফুট) গভীর কবর খনন করা হয়েছে।
শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে ক্রিস্টিন আব্লানা বলেন, স্বজনদের তাদের পরিবারের সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র শনাক্ত করার জন্য আনা হবে। যদি কেউ ছবি বা জিনিসপত্র দেখে নিশ্চিত করতে পারেন যে এগুলো তাদের স্বজনের, তবে তাদের কাছ থেকে ডিএনএ নমুনা নেওয়া হবে। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩০ জন যাত্রী (যার মধ্যে দুজন চিলির নাগরিক) এবং ১৩ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও প্রায় ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোস্টগার্ডের মুখপাত্র কায়াবিয়াব একটি রেডিও সাক্ষাৎকারে জানান, ফেরির কার্গো হোল্ড (পণ্য রাখার জায়গা) থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান, ধোঁয়া দেখতে পান এবং তারপরেই আগুন ধরে যায়। এটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এতটাই আকস্মিক ছিল যে, যারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে পানিতে ঝাঁপ দিতে পেরেছিলেন, তারা লাইফ জ্যাকেট পরারও সময় পাননি।
বন্দর এলাকার কাছে স্বজনদের জন্য অপেক্ষারত ৪০ বছর বয়সী জোসেনিট মায়ো অশ্রুসজল চোখে জানান, তার মেয়ে ম্যানিলা থেকে পরিবারের সাথে দেখা করতে এই ফেরিতে আসছিল। তিনি বলেন, সে আমাকে বলেছিল, 'মা, আমি বাড়ি ফিরতে চাই, ভাইবোনদের খুব মনে পড়ছে।' সে খুব একাকীত্ব বোধ করছিল। অন্যদিকে, মাইরা কাবিলান নামের এক নারী তার ৪০ বছর বয়সী নিখোঁজ ভাই রামেল গঞ্জাগাকে খুঁজতে করনে ছুটে এসেছেন। রামেল তার ভগ্নিপতির সাথে ম্যানিলা থেকে ব্যবসায়িক সফরে বের হয়ে এই ফেরিতে চড়েছিলেন। মাইরা বলেন, এক মাস আগেই ওর স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছে। মেয়ে হওয়ায় ও অনেক খুশি ছিল। ভোর পর্যন্ত আমার বিশ্বাস ছিল ও বেঁচে আছে। কিন্তু এখনো ওর খোঁজ মেলেনি। আমি আশা হারিয়ে ফেলেছি।
নিখোঁজ স্বজন, বন্ধু এমনকি পোষা কুকুরের খোঁজে শত শত মানুষ স্থানীয় মেয়রের ফেসবুক পেজে মন্তব্য পোস্ট করছেন। ১১ কোটি ৬০ লাখ মানুষের দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা অত্যন্ত সাধারণ বিষয়। দেশটির ৭ হাজারেরও বেশি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য মানুষ সস্তা ও দুর্বলভাবে নিয়ন্ত্রিত নৌযানের ওপর নির্ভর করে, যার ফলে প্রায়শই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত জানুয়ারি মাসে দেশটির দক্ষিণাঞ্চলে ৩৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি তিন তলা ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছিল।





























