চাঁপাইনবাবগঞ্জে গত ১২ ঘণ্টায় পদ্মা নদীর পানি কমলেও জেলার অন্য দুই নদী মহানন্দা ও পুনর্ভবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৩০০টি পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পদ্মার পাঙ্খা পয়েন্টে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত ৬ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে এই পয়েন্টে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগের দিন এই পয়েন্টে পানির স্তর ছিল ২১ দশমিক ৭৯ মিটার। তবে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার করে পানি বেড়েছে।
বন্যার পানিতে নিম্নাঞ্চলের বহু বাড়িঘর প্লাবিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও অনেকে ঘরের ভেতর হাঁটু পানির মধ্যেই কষ্টকর জীবনযাপন করছেন। পানিবন্দী এসব মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া কাজ হারিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
বন্যার প্রভাব পড়েছে স্থানীয় শিক্ষা কার্যক্রমেও। জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস নেওয়ার উদ্যোগ নিলেও অধিকাংশ স্কুলেই পড়াশোনা পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, পানিবন্দী মানুষের সহায়তায় গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ২৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং পাশাপাশি খাবার স্যালাইন ও শুকনা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হলেও এখন পর্যন্ত কেউ সেখানে যাননি। পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত তাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে এবং আশা করা হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে। ফলে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।





























