প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ০৭
কুড়িগ্রামের রৌমারীতে যৌতুকের জেরে এক গৃহবধূ ও তার ১২ বছরের ছেলেকে ‘গুম’ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা ফুল মিয়া রৌমারী থানায় তার জামাই মমিনুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই মমিনুল পলাতক রয়েছেন। মমিনুল ছাড়াও তার মা আয়শা বেগম, ভাই মুনজু মিয়া, আমিন ও ময়জাল হক, বোন মনোয়ারা বেগম এবং আত্মীয় ইছাহক আলীকে এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
গত সোমবার রাত ১১টার দিকে রৌমারী থানায় লিখিত অভিযোগটি জমা দেন ফুল মিয়া। অভিযোগের বিবরণ থেকে জানা যায়, প্রায় ১৬ বছর আগে উপজেলার পূর্ব ইছাকুড়ি গ্রামের ফুল মিয়ার মেয়ে ফুলতি খাতুনের (৩০) সঙ্গে একই এলাকার মৃত আইজল মিয়ার ছেলে মমিনুল ইসলামের বিয়ে হয়। তাদের ফরিদ নামে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ফুলতির ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন মমিনুল। মেয়ের সুখের কথা চিন্তা করে দফায় দফায় জামাইকে ৫ লাখ টাকারও বেশি দিয়েছিলেন ফুল মিয়া। তবে এরপরও তাদের পারিবারিক কলহের অবসান ঘটেনি।
অভিযোগে আরও বলা হয়, এই দাম্পত্য কলহ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও পারিবারিক বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। সর্বশেষ প্রায় দেড় মাস আগে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আর নির্যাতন না করার শর্তে একটি স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দেন মমিনুল। এরপর ফুলতি ও মমিনুল আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। তবে সেখানে যাওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
ফুল মিয়া জানান, গত ১২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আশুলিয়ার জিরানী বাজারের পুকুরপাড় এলাকার আবুল কালামের কলোনি থেকে মমিনুল মুঠোফোনে তাকে জানান যে, ফুলতি ও তার ছেলে ফরিদ বাসা থেকে পালিয়ে গেছে। এই খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। মেয়ের খোঁজে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টো হুমকি দেন এবং দাবি করেন যে ফুলতি ও ফরিদকে তার বাবার বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে।
ফুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে নিখোঁজ বা গুম করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখন মেয়ের সন্ধান চাইলে উল্টো আমাদের মারধরের হুমকি দিচ্ছে। আমার মেয়ে বেঁচে আছে নাকি তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে আমরা চরম আতঙ্কে আছি।"
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ গৃহবধূ ও তার ছেলেকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানোর পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























