রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ আজ এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন আদালত। একইসঙ্গে পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।
মামলার এজাহারে দুটি প্রধান অভিযোগ রয়েছে। প্রথমটিতে ৫ মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরা হয়।
এদিকে, গাজীপুরের অধ্যক্ষ আবুল হোসেনকে গুমের ঘটনায় পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান দায়ের করেছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।




























