দেশের গ্যাস-সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার নতুন করে ১৫০টি গ্যাসকূপ খনন এবং তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার সময় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন জানান, গ্যাস-সংকট মোকাবিলায় মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। এর পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম হাতে নেওয়া হবে।
এলএনজির সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বর্তমানে বিদ্যমান দুটি টার্মিনালের সাথে আরও তিনটি নতুন টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকার চেষ্টা করছে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনালটি চালু করার।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতাদের সাম্প্রতিক মতবিনিময়ের প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, শিল্প খাতে গ্যাস সরবরাহ সংকট দ্রুত কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার পর গ্যাসের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে।
এছাড়া সংবাদ সম্মেলনে মাহদী আমিন মুডিসের ঋণমানের পূর্বাভাস 'নেতিবাচক' থেকে 'স্থিতিশীল' হওয়ার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবাসী আয় বৃদ্ধির ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির তথ্যও তুলে ধরেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।



























