জাপান ও বাংলাদেশের কৃষি অর্থনীতির চিত্রটি বেশ বৈচিত্র্যময়। বিশ্বের বৃহত্তম কৃষিপণ্য আমদানিকারক দেশ জাপানের মাত্র ২০ শতাংশ জমি কৃষিকাজের উপযোগী এবং চাষযোগ্য জমি মাত্র ১৩ শতাংশ। অথচ আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে দেশটি ফসল উৎপাদনে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। জাপানের মোট জনসংখ্যার ৪ শতাংশ কৃষিতে নিয়োজিত এবং তাদের জিডিপিতে এই খাতের অবদান ২ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের মোট জমির ৫৮ শতাংশ চাষযোগ্য এবং প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত, যেখানে জিডিপিতে কৃষির অবদান ১৩ দশমিক ৬৫ শতাংশ। স্বাধীনতার পর থেকে কৃষি খাতে এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বৈশ্বিক পর্যায়ে ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশ প্রথম, পাট উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে অষ্টম এবং খাদ্যশস্য উৎপাদনে দশম স্থানে রয়েছে। বাংলাদেশের এই কৃষি ও হাওরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘ ৪০ বছর ধরে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এক জাপানি গবেষক, যার নাম তেৎসুও সুৎসুই।
১৯৮৫ সালে মাত্র ২৩ বছর বয়সে বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনা শেষ করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশে আসেন তেৎসুও সুৎসুই। ১৯৮৬ সালে তিনি জাইকার (JICA) ভলান্টিয়ার ও জুনিয়র এক্সপার্ট হিসেবে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পে যুক্ত হন। সেখানে টানা চার বছর দিন-রাত পরিশ্রম করে কুমিল্লা ও আশপাশের জেলাগুলোতে কমিউনিটি পর্যায়ে মৎস্য চাষকে জনপ্রিয় করে তোলেন। ১৯৮৯ সালে প্রজেক্টের মেয়াদ শেষে জাপানে ফিরে গেলেও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা তাকে আবারও টেনে আনে। ১৯৯৪ সালে তিনি জাপানি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'শাপলা নীড়'-এর ফান্ড রাইজিং কোঅর্ডিনেটর হিসেবে কাজ শুরু করেন। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে শাপলা নীড়ের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। ১৯৯৬ সালে তিনি টোকিও সচিবালয়ের ফেয়ার ট্রেড ডিভিশনের প্রধান এবং ১৯৯৮ সালে শাপলা নীড়ের আবাসিক প্রতিনিধি হিসেবে আবারও বাংলাদেশে আসেন।
বাংলাদেশে তৎকালীন সময়ে প্রচুর আন্তর্জাতিক সাহায্য আসলেও তেৎসুও সুৎসুই মানুষকে আত্মনির্ভরশীল করার পক্ষে কাজ শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, অতিরিক্ত সাহায্য মানুষকে পরনির্ভরশীল করে তোলে। এই আদর্শ নিয়ে তিনি নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় শাপলা নীড়ের কার্যক্রম ছড়িয়ে দেন। ২০০২ সালে তিনি এই প্রতিষ্ঠানের উপ-মহাসচিব পদে উন্নীত হয়ে জাপানে ফিরে যান এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে শাপলা নীড় থেকে অবসর নেওয়ার পর তিনি গড়ে তোলেন 'শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন' নামে নতুন একটি উন্নয়ন সংস্থা।
বর্তমানে জাইকার সহায়তায় হবিগঞ্জের হাওর এলাকায় স্থানীয় এনজিও 'এসেড'-এর মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়ন করছে তার প্রতিষ্ঠান। এই উদ্যোগের অংশ হিসেবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজোর গ্রামে গড়ে উঠছে 'সুৎসুই সান হাওর রিসার্চ অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার', যার জাপানি নাম 'মিরানি নো দিইচি'। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে দেশের মোট আয়তনের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে থাকা হাওর অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ৭টি জেলার ৫৩টি উপজেলা নিয়ে গঠিত এই অঞ্চল থেকে দেশের মোট বোরো ধানের ৬০ শতাংশ আসে। এছাড়া দেশের মোট গবাদি পশুর এক-পঞ্চমাংশ এবং ২২ শতাংশ হাঁস এই অঞ্চলেই পালিত হয়। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে এখানকার জলাশয়গুলোতে মাছ ও জলজ প্রাণীর অক্সিজেন সংকট তৈরি হচ্ছে, যা নিরসনে কাজ করার বড় সুযোগ রয়েছে।
বাংলাদেশপ্রেমী এই গবেষক দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও সাতক্ষীরা এবং উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জের হাওরাঞ্চলকে লক্ষ্য করে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীল কৃষি প্রযুক্তির প্রসারে কাজ করছেন। স্থানীয় এনজিওদের সমন্বয়ে তিনি বাংলাদেশে 'সিসিএএএন' (CCAAN) নামে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, টয়োটা ফাউন্ডেশন এবং জাপান ও ভারতের পশ্চিমবঙ্গের ১৪টি এনজিওকে এক সুতোয় গেঁথেছেন, যাতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময়েও তিনি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে বাংলাদেশে ১৪টি উন্নয়নমূলক প্রকল্প সচল রেখেছেন। এই প্রকল্পগুলোর বিশেষত্ব হলো, তহবিলের প্রায় ৮০ শতাংশ অর্থ সরাসরি সুবিধাভোগীদের হাতে পৌঁছায়, যা তাদের ৪-৫ বছরের মধ্যে স্বাবলম্বী করে তোলে। উন্নয়ন কাজের পাশাপাশি তেৎসুও সুৎসুই জাপানের কায়েটসু ইউনিভার্সিটি, এশিয়া ইউনিভার্সিটি, টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং উটসুনোমিয়া ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেন। মানবসেবায় অনন্য অবদানের জন্য তিনি জাপানের আশাহি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড, ওকিনাওয়া পিস প্রাইজ, হিরোশিমা পিস প্রাইজ, এক্সেলেন্ট এনপিও অ্যাওয়ার্ড এবং জাপান পার্টনারশিপ প্রাইজ লাভ করেছেন।
আধুনিক জাপানি কৃষিতে যন্ত্রের ব্যবহারে হেক্টর প্রতি চালের উৎপাদন ৬ দশমিক ৫৪ টন, যেখানে বাংলাদেশে তা মাত্র ২ দশমিক ২০ টন। জাপানের কিয়োটো ও টোকিও অঞ্চলে গ্রিনহাউজে একের পর এক তাকে ফসল ফলানোর 'ভার্টিক্যাল ফার্মিং' পদ্ধতিও বেশ জনপ্রিয়। জাপানের এই আধুনিক ও স্মার্ট প্রযুক্তি বাংলাদেশের কৃষির জন্য অত্যন্ত শিক্ষণীয় হতে পারে। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে জাপানি গবেষক তেৎসুও সুৎসুইয়ের এই দীর্ঘদিনের অবদান রাষ্ট্রীয় মূল্যায়নের দাবি রাখে।





























