সান্তিয়াগোর প্লাজা ডি আরমাসের চারপাশে দুপুরের খাবার মানেই ছিল চিলির জনপ্রিয় ‘কমপ্লেটো’। কয়েক দশক ধরে দেশটির এই হট ডগ সব শ্রেণির মানুষের কাছে ছিল সাশ্রয়ী খাবারের প্রতীক। তবে বর্তমানে দেশের অর্থনীতিতে মন্দার আভাস এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই খাবারটির ওপরও প্রভাব পড়েছে। ২১ বছর বয়সী শিক্ষার্থী আন্তোনিয়া ব্রাভো জানান, কিছুদিন আগেও তিনি যে কমপ্লেটো ২৫০০ পেসো বা ২.৬০ ডলারে কিনতেন, এখন তার দাম বেড়ে ৩৫০০ থেকে ৪০০০ পেসো বা ৩.৬০ থেকে ৪.১০ ডলার হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচন হওয়ায় চিলি এখন মন্দার দ্বারপ্রান্তে। বেকারত্বের হার বেড়ে ৯.৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ১২ মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি ৪.১ শতাংশে পৌঁছেছে, যার পেছনে খাদ্য ও পরিবহন খরচ বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে। এই পরিস্থিতির কারণে চিলির কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ১.০ শতাংশ থেকে ১.৭৫ শতাংশের পরিসর থেকে কমিয়ে ০.২৫ শতাংশ থেকে ০.৭৫ শতাংশে নামিয়ে এনেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট রোসানা কোস্টা সতর্ক করে বলেছেন, বর্তমান অর্থনৈতিক দুর্বলতা প্রত্যাশার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।
১৯৩০-এর দশকে সান্তিয়াগোর ছোট দোকানগুলোতে এই খাবারের জন্ম। সসেজ, সোরক্রাট, টমেটো এবং বাড়িতে তৈরি আলুর মায়োনিজ দিয়ে তৈরি এই খাবারটি অ্যাভোকাডোসহ অন্যান্য উপাদান যোগ হওয়ার পর পূর্ণাঙ্গ খাবারে পরিণত হয়। এই রেস্তোরাঁগুলোর ব্যবস্থাপক গিলের্মো সিড বলেন, আগে মানুষ কম সম্পদ নিয়ে জীবনযাপন করত এবং তারা দুপুরের খাবারের বদলে কমপ্লেটো খেত। আজও পরিস্থিতি একই, অনেকে পূর্ণাঙ্গ খাবারের পরিবর্তে কমপ্লেটো বেছে নিচ্ছেন।
সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, আগস্ট মাসে চিলির মৌলিক খাদ্য ঝুড়ির দাম এক বছরের ব্যবধানে ৫ শতাংশ বেড়ে ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অথচ দেশটিতে মাসিক ন্যূনতম মজুরি মাত্র ৫৮০ ডলারের মতো। এছাড়া মার্কিন-ইরান যুদ্ধের ফলে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় চিলির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই সব বিষয় মুদ্রাস্ফীতিকে উসকে দিচ্ছে এবং মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট মন্তব্য করেন।
সাধারণ মানুষ এখন খাবারসহ অন্যান্য ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন। ৩০ বছর বয়সী শিক্ষক মাউরিচিও আরাভেনা জানান, নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে, ফলে বাইরে খাওয়া আগের চেয়ে অনেক বেশি বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক তাবাতা মার্তিনিচ বলেন, গত বছরের তুলনায় এখন বন্ধুদের সাথে বাইরে না গিয়ে বাড়িতে রান্না করাই সাশ্রয়ী মনে হয়। মজুরির সাথে মুদ্রাস্ফীতির সামঞ্জস্য না থাকায় মানুষ পাঁচ বছর পিছিয়ে পড়ছে বলেও অনেকে অভিযোগ করছেন।
প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। বিশ্লেষক গিলের্মো হোলজম্যানের মতে, বড় প্রকল্পের অনুমোদন সত্ত্বেও বিনিয়োগ সেভাবে আসছে না, যা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। প্রেসিডেন্ট কাস্ত সম্প্রতি উচ্চ মুদ্রাস্ফীতি ও ধীরগতির প্রবৃদ্ধির কথা স্বীকার করেছেন এবং একটি ‘শ্রম জরুরি পরিকল্পনা’ তৈরির নির্দেশ দিয়েছেন। কংগ্রেস কর সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ অনুমোদন করলেও সাংবিধানিক আদালতে বিরোধীদের আপত্তির কারণে তা ঝুলে আছে। হোলজম্যানের সতর্কবাণী, মানুষের আয় ও পণ্যের দামের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে, যা অস্থিরতার কারণ হতে পারে।





























