ডেভিড উইলিয়ামসের বিরুদ্ধে তরুণ ভক্তদের প্রলুব্ধ করার অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যে বয়সের বড় ব্যবধানের সম্পর্কের আইনি সীমা নির্ধারণের দাবি পুনরায় সামনে এসেছে। বর্তমানে ফ্রান্স, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে এমন সম্পর্ক বা কিশোরদের শোষণের বিরুদ্ধে আইনি সুরক্ষা থাকলেও যুক্তরাজ্যে বিষয়টি নিয়ে নতুন করে ভাববার অবকাশ তৈরি হয়েছে। ‘ক্লোজ দ্য কনসেন্ট গ্যাপ’ নামক প্রচারক গোষ্ঠী প্রস্তাব করেছে, ১৮ বছরের নিচে কারো সাথে তিন বছরের বেশি বয়সের ব্যবধান থাকাটা অবৈধ করা হোক। ইংল্যান্ড ও ওয়েলসের ভুক্তভোগী কমিশনার ক্লেয়ার ওয়াক্সম্যান এ বিষয়ে জরুরি আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন বয়সের মানুষ তাদের অভিজ্ঞতায় জানিয়েছেন, এসব সম্পর্ক প্রায়ই শুরু হয় ক্ষমতার অবস্থান থেকে। ৫৬ বছর বয়সী লিজ জানান, ১৫ বছর বয়সে তিনি মদ্যপান ও পার্টিতে যাওয়ার সুযোগ পেতেন। সে সময় তার চেয়ে বয়সে বড় একাধিক পুরুষের দ্বারা তিনি শোষণের শিকার হন। লিজের ভাষ্যমতে, তার শিক্ষকরাও বিষয়টি জানতেন কিন্তু কেউ কখনোই হস্তক্ষেপ করেননি। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন তিনি সাবেক শিক্ষকদের সাথে দেখা করেন, তারা বিষয়টি নিয়ে দায়সারা মন্তব্য করেছিলেন।
৬৪ বছর বয়সী পলি জানান, ১৮ বছর বয়সে তিনি তার কর্মক্ষেত্রের ৪৫ বছর বয়সী এক ম্যানেজারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কটি ছিল মূলত যৌনকেন্দ্রিক এবং পরবর্তীতে সেই ব্যক্তি তাকে ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার হুমকি দিয়েছিলেন। একই ধরনের অভিজ্ঞতা বর্ণনা করেন ৫৭ বছর বয়সী অলিভিয়া, যিনি ১৬ বছর বয়সে তার ৩২ বছর বয়সী বাড়ির মালিকের সাথে সম্পর্কে জড়ান। তিনি জানান, শুরুতে মনোযোগ ও সুবিধা পেলেও পরবর্তীতে সেই সম্পর্কটি অত্যন্ত নিয়ন্ত্রণমূলক ও ভীতিকর হয়ে ওঠে।
জেনভিভ নামের ৪৯ বছর বয়সী এক নারী জানান, ১৪ বছর বয়সে পার্টিতে এক যুবকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার পরও তার পরিবার বিষয়টি গুরুত্ব দেয়নি। একইভাবে ৭১ বছর বয়সী স্টিফেন জানান, ১৫ বছর বয়সে তার ৩৩ বছর বয়সী বিবাহিত প্রতিবেশী তাকে প্রলুব্ধ করেন, যার ফলে তিনি স্কুলজীবন ছেড়ে দেন এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী মানসিক ট্রমার শিকার হন। তিনি বলেন, তার জন্য এটি ছিল জীবনভর বয়ে বেড়ানোর মতো একটি ক্ষত, অথচ অপরাধীর কাছে এটি ছিল সামান্য একটি মুহূর্ত।
ভুক্তভোগীদের অনেকেই জানান, এসব ঘটনা তাদের পরবর্তী জীবনেও গভীর প্রভাব ফেলেছে। কেউ কেউ পরবর্তী জীবনেও মানিয়ে নিতে হিমশিম খেয়েছেন, আবার কেউ কেউ দীর্ঘ সময় পর বুঝতে পেরেছেন যে নাবালিকা অবস্থায় তাদের সম্মতি দেওয়ার কোনো সুযোগই ছিল না। লিজের মতে, যারা এখনো এই ট্রমা নিয়ে বেঁচে আছেন, তাদের জন্য বিচার পাওয়া বা বিষয়গুলো সামনে আনা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক।























