আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব বিবেচনায় বাংলাদেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দামের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। ভারতে রাজ্যভেদে ভ্যাট ও শুল্কের ভিন্নতার কারণে তেলের দামে তারতম্য রয়েছে। সেখানে পেট্রোলের দাম ১০২ দশমিক ১২ থেকে ১১৬ দশমিক ১৫ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ থেকে ১৪৯ টাকা), প্রিমিয়াম অকটেনের দাম ১১৫ দশমিক ৫০ থেকে ১২০ রুপি (প্রায় ১৪৮ থেকে ১৫৪ টাকা) এবং ডিজেলের দাম ৯৫ দশমিক ২০ থেকে ১০৪ দশমিক ২৩ রুপি (প্রায় ১২২ থেকে ১৩৪ টাকা) পর্যন্ত হয়ে থাকে।
পাকিস্তানের বাজারে জ্বালানি তেলের দাম তুলনামূলক বেশি। সেখানে সুপার বা প্রিমিয়াম ইউরো-৫ পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯০ পাকিস্তানি রুপি (প্রায় ১৭৩ টাকা), অকটেনের দাম ৩৯৫ থেকে ৪০০ রুপি (প্রায় ১৭৫ থেকে ১৭৭ টাকা), হালকা ডিজেলের দাম ৩০৪ রুপি (প্রায় ১৩৪ টাকা ৬৭ পয়সা) এবং হাইস্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি (প্রায় ১৮৮ টাকা)।
শ্রীলঙ্কায় ৯২ অকটেন পেট্রোলের দাম ৩৯৯ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪৮ টাকা ২৪ পয়সা) এবং ৯৫ অকটেনের দাম ৪৭৫ রুপি (প্রায় ১৭৬ টাকা ৪৭ পয়সা)। এছাড়া ডিজেলের দাম ৩৮২ থেকে ৪৭৮ রুপি (প্রায় ১৪২ থেকে ১৭৮ টাকা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নেপালে পেট্রোলের দাম প্রতি লিটার ১৯৭ থেকে ২০০ নেপালি রুপি (প্রায় ১৫৮ টাকা), অকটেনের দাম ২৯৫ রুপি (প্রায় ২৩৬ টাকা) এবং ডিজেলের দাম ১৯৭ থেকে ২০০ রুপি (প্রায় ১৫৮ থেকে ১৬০ টাকা)।
মিয়ানমারে জ্বালানি তেলের দাম বেশ চড়া। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটার ৩ হাজার ৭১০ থেকে ৩ হাজার ৮১৫ কিয়াত (প্রায় ২১৮ থেকে ২২৪ টাকা), ৯৫ অকটেনের দাম ৪ হাজার ৯২ কিয়াত (প্রায় ২৪১ টাকা) এবং ডিজেলের দাম ৪ হাজার ৩৩১ কিয়াত (প্রায় ২৫৫ টাকা)। ভুটানে পেট্রোল ও অকটেনের দাম ৯৯ থেকে ১০৬ গুলট্রাম (প্রায় ১২৭ থেকে ১৩৫ টাকা) এবং ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ থেকে ১০৮ দশমিক ৬২ গুলট্রাম (প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা)। ভুটানে মূলত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্যাসোলিন বা পেট্রোল এবং ডিজেল—এই দুই ধরনের জ্বালানি বিক্রি হয়, যেখানে অকটেন-৯৫ বা মোটর স্পিরিট প্রধান পেট্রোল হিসেবে পরিচিত।
বিভিন্ন দেশের এই দামের পার্থক্যের পেছনে আন্তর্জাতিক বাজারদরের পাশাপাশি স্থানীয় কর, শুল্ক, ভর্তুকি, মুদ্রার বিনিময় হার ও মূল্য নির্ধারণব্যবস্থা বড় ভূমিকা পালন করে বলে তথ্য পাওয়া গেছে।





























