পাবনার ঈশ্বরদীতে এক অভিনব চুরির ঘটনা ঘটেছে। পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকার মাসুদ জুয়েলার্সে ক্রেতা সেজে আসা এক যুবক দুই ভরি স্বর্ণের দুটি মালা নিয়ে পালিয়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক মুখে মাস্ক পরা অবস্থায় দোকানে প্রবেশ করে। সে স্বর্ণের মালা কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন গহনা দেখতে চায়। একপর্যায়ে দোকানদার তাকে দুটি স্বর্ণের মালা দেখালে, সেগুলো হাতে পাওয়ার সাথে সাথেই যুবকটি দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায়। দোকানের বাইরে অন্ধকার থাকায় সে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে আটক করা সম্ভব হয়নি।
দোকান মালিকের তথ্য অনুযায়ী, চুরি হওয়া মালা দুটির প্রতিটির ওজন এক ভরি করে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। তিনি আরও জানান, যুবকটি মাস্ক পরে থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরায় তার মুখের স্পষ্ট ছবি ধরা পড়েনি।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





























