জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে তুলে ধরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ভাষণে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করবেন। এবারের ভাষণকে তার পরিবারের পক্ষ থেকে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
প্রধানমন্ত্রীর ভাষণে গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলোও উঠে আসতে পারে।
ভাষণের আগের দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন। সেখানে তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সরকারপ্রধান হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ।






























