প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগের বিষয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারক ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে একটি বিবৃতি প্রদান করেছেন। ২০২৩ সাল থেকে ম্যানচেস্টার সিটি মোট ১১৫টি আর্থিক বিধি ভঙ্গের অভিযোগের তদন্তের সম্মুখীন হয়েছে। সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটিকে এর মধ্যে ১১৪টি অভিযোগের ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে এই সম্ভাব্য রায়ের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আইনি প্রক্রিয়ার অংশ হওয়ায় পুরো তদন্ত কার্যক্রম অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্লাবটির সম্ভাব্য শাস্তি এবং আপিলের সুযোগ নিয়ে গত ২৪ ঘণ্টায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতেই মূলত আল মুবারক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আল মুবারক নিজের ১৮ বছরের পথচলার কথা স্মরণ করেন এবং সমর্থকদের আস্থার প্রতি সম্মান জানান। তিনি বলেন, 'আমি ১৮ বছর ধরে এই ক্লাবের সাথে আছি। ইতিহাদ, ওয়েম্বলি এবং ইস্তাম্বুলে আপনাদের সাথে থাকার সৌভাগ্য আমার হয়েছে। এই ক্লাবটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেমনটা আপনাদের কাছেও।'
তিনি আরও যোগ করেন, 'গত শুক্রবারের মিডিয়া প্রতিবেদনের পর আপনারা অনেকেই হয়তো বন্ধু, পরিবার বা সহকর্মীদের নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমিও হয়েছি। আমি আমার পরিবারকে যা বলেছি তা হলো—প্রিমিয়ার লিগের এই আইনি প্রক্রিয়াটি এখনো অনেক দূর বাকি এবং আমরা শুরু থেকেই আমাদের নির্দোষ হওয়ার বিষয়ে যেভাবে আত্মবিশ্বাসী ছিলাম, এখনো সেই অবস্থানেই অটল আছি।'
আল মুবারক সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান যে, ক্লাবটির পক্ষ থেকে ফেব্রুয়ারি ২০২৩ এবং গত শুক্রবার প্রকাশিত বিবৃতিগুলো যেন তারা মনোযোগ দিয়ে পড়েন। তিনি দাবি করেন, ক্লাবের মোমেন্টাম নষ্ট করার জন্য অনেকে কাজ করছে কিন্তু তারা কাউকে সেই সুযোগ দেবেন না। তিনি বলেন, 'আমরা অতীতেও একসাথে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেছি এবং জয়ী হয়েছি।'
আন্তর্জাতিক বিরতির পর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ এবং ইতিহাদ স্টেডিয়ামে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো ম্যানচেস্টার সিটি পরিবারের শক্তি উদযাপনের সুযোগ। এর আগে ক্লাবটি তাদের অবস্থানে অটল থেকে দাবি করেছে যে, তারা গত আট বছর ধরে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিরপেক্ষ ও পক্ষপাতহীন নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবে বলে তারা প্রত্যাশা করে।





























