চলতি ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বেশি বলে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা খাতে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে টানা ১৬ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে। বর্তমানে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের কাঠামো উন্নয়নে দুই দেশ একটি যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই মধ্যে তাজা আম ও কাঁঠালসহ বিভিন্ন কৃষি পণ্য চীনা বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে এবং পেয়ারা ও সুগন্ধি চালের জন্য বাজার সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
বিনিয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে চীনের পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিশেষ করে ২০২৫ সালে বাংলাদেশে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন সরকার গঠনের পর থেকে চীনের বিনিয়োগকৃত পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে, যার মাধ্যমে প্রায় ২০ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়া, ২০২৬ সালের জুলাই মাসে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ চালু করা হয়েছে, যা ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ আকর্ষণ করেছে। এই অঞ্চলটিতে বস্ত্র, তৈরি পোশাক, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, বায়োমেডিসিন এবং সবুজ শক্তি শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অবকাঠামো উন্নয়নে পদ্মা সেতুকে অন্যতম বড় প্রকল্প হিসেবে উল্লেখ করেছে দূতাবাস। চীনা কোম্পানির নির্মিত এই সেতুটি ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ২১টি জেলার সংযোগ স্থাপন করেছে, যা বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিতে ১.২৩ শতাংশ অবদান রাখবে এবং দারিদ্র্যের হার ০.৮৪ শতাংশ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চীনা কোম্পানিগুলো ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লা, সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৬-এর সংস্কারসহ বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি একটি সাধারণ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের আবাসিক হল ও বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৯-এর মতো উদ্যোগগুলোও এগিয়ে চলেছে।
স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও চীন গত কয়েক বছরে ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে। এর মধ্যে ডেঙ্গু ও কোভিড-১৯ শনাক্তকরণ কিট, ওষুধ, ভেন্টিলেটর, রোবোটিক পুনর্বাসন সরঞ্জাম এবং বন্যা-ত্রাণ সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ১ হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নির্মাণে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও কল্যাণে চীন তাদের সমর্থন অব্যাহত রেখেছে।






























