আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে। আসন্ন এই আসরে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে ১০টি দল সরাসরি এবং ৪টি দল বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
ঘোষিত গ্রুপ অনুযায়ী, ‘গ্রুপ এ’-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং একটি কোয়ালিফায়ার দল। ২০২৩ বিশ্বকাপের ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়াকে একই গ্রুপে রাখা হয়েছে। অন্যদিকে, ‘গ্রুপ বি’-তে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা একটি দল।
বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া ১০টি দলের মধ্যে রয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল—ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। এছাড়া সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। তবে নামিবিয়া সহ-আয়োজক হলেও পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্ব খেলতে হবে। এছাড়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও বাছাইপর্বের বাধা পার হতে হবে, কারণ তারা সরাসরি খেলার জন্য নির্ধারিত আটটি স্পটের বাইরে রয়েছে। তাদের সঙ্গে আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দল বাছাইপর্বে লড়বে। বাছাইপর্বের ম্যাচগুলো ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আইসিসি এই বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট চালু করেছে। প্রথম ধাপে র্যাঙ্কিংয়ের নিচের দিকের তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে ‘সুপার সিরিজ’ খেলবে, যেখান থেকে শীর্ষ দল পরের ধাপে উঠবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ ৩টি করে দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরাটি নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’ পর্ব। এই পর্বে মোট ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে প্রথম দল চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল তৃতীয় দলের বিপক্ষে মুখোমুখি হবে। সেমিফাইনালে জয়ী দুই দল ২০২৭ সালের বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে।




























