ফ্রান্সে উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। বিক্ষোভ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে মন্ত্রীদের আগামী কয়েক দিনের জন্য নির্ধারিত সব সরকারি সফর বাতিল করতে বলেছেন।
গত সপ্তাহে প্যারিস অঞ্চলে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা মূলত তাদের স্কুলগুলোতে সম্পদের অভাব, দীর্ঘ সময় ক্লাস করাসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমেছে। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে পুলিশ শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহিংসতায় বহু শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে বিক্ষোভকারীদের ছোড়া বস্তু এবং কিছু ক্ষেত্রে পুলিশের দাঙ্গা-বিরোধী প্রজেক্টাইলের আঘাতে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী মে মাসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রতিস্থাপনের জন্য আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই বিক্ষোভ একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ম্যাক্রোঁ সাংবিধানিকভাবে টানা তৃতীয়বার নির্বাচনে দাঁড়াতে পারবেন না। দেশটির ক্রমবর্ধমান আর্থিক সংকটের মধ্যে এই বিক্ষোভ সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
বামপন্থী নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলনশঁ বিক্ষোভের প্রতি সরকারের কঠোর প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, মেলনশঁর সমালোচকরা তার দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা নির্বাচনী সুবিধা নিতে এবং সহিংসতা উসকে দিতে এই অস্থিরতাকে ব্যবহার করছেন।





























