আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব থাকলেও, নতুন করে সৃষ্ট সরবরাহ উদ্বেগের কারণে দাম বাড়ছে। মূলত যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসা ঝড় এবং সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার ঘটনা বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছিল।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের পরিমাণ বাড়লেও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উৎপাদন অঞ্চলে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ এবং সৌদি আরবে হামলার ঘটনা সরবরাহ সংকটের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এই উদ্বেগের ফলে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেল সরবরাহের প্রভাব অনেকটাই চাপা পড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে।





























