প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তার সরকার এমন একটি বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানুষের ধর্ম, বর্ণ বা পরিচয় তাদের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং ধর্ম, বর্ণ, শ্রেণি ও সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা জানান, সরকারের এই সিদ্ধান্ত হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মতবিনিময়কালে দুই সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং জানান যে, সব সম্প্রদায়ের কল্যাণে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সর্বোচ্চ সহায়তা করা হবে।
বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান উপলক্ষ্যে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান এবং দেশের সকল নাগরিকের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি শারদীয় দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ ধর্মীয় উৎসবের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। জানা গেছে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা অনুদান চেয়েছিল, তবে প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় তা ৫ কোটি টাকা করেছেন। একইভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চাইলে তিনি ৩ কোটি টাকা বরাদ্দ দেন। এই অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ও মিস সুবর্ণা ঠাকুর শিকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ উরাঁও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।



























