অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদের নিজস্ব মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাসমান পাড়ে মূল লড়াইয়ের আগে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলার অভিজ্ঞতা এবারই প্রথম, তাই প্রস্তুতি বেশ ভালো হয়েছে। একটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি যে উইকেটে তারা অনুশীলন করেছেন, তা ছিল চমৎকার।
বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলাটা যে বড় চ্যালেঞ্জ, তা স্বীকার করে নিয়েছেন হেম্প। তিনি বলেন, আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।
কোচের মতে, সিরিজের মূল লক্ষ্য হলো যেন দেশে ফেরার পর কোনো আক্ষেপ না থাকে। হেম্প স্পষ্ট করেন, আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।




























