মুন্সীগঞ্জের গজারিয়ায় ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সচিব আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার কাজীপুরা গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজীপুরা গোরস্থানের জন্য সাবেক রাষ্ট্রদূত আবুল কাশেম ও তার পরিবার ৩৯ শতাংশ জমি দান করেছিলেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেছিলেন। তৎকালীন গোরস্থান পরিচালনা কমিটি এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের পরিবারের সম্মানে তিন শতাংশ জায়গা পারিবারিক কবরস্থান হিসেবে বরাদ্দ দেয়। সেই নির্দিষ্ট সীমানার চারপাশে স্টিলের বেড়া দেওয়া হয়েছিল, যেখানে প্রয়াত রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যদের সমাহিত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ঈদগাহ ও কবরস্থান কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, ক্ষমতার দাপট দেখিয়ে সুইজারল্যান্ড প্রবাসী শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল লোক সকালে এসে সেই স্টিলের বেড়াটি কেটে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, শাহাদাত দড়িকান্দি গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে। স্থানীয়রা অভিযোগ করেছেন, গত দুই বছর ধরেই শাহাদাত এই জায়গাটি নিয়ে বিরোধিতা করে আসছিলেন এবং এর আগেও কয়েকবার বেড়া কেটে ফেলার হুমকি দিয়েছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, কবরস্থানের সীমানার স্টিলের বেড়াটি সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। এছাড়া উত্তর পাশের ইটের গাঁথুনি ও রড উপড়ে ফেলা হয়েছে এবং কবরস্থানের বিভিন্ন অংশের মাটি খোঁড়া অবস্থায় পড়ে আছে। ঈদগাহ ও গোরস্থান কমিটির বর্তমান সভাপতি আহসান উল্লাহ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পূর্বের কমিটির রেজুলেশন অনুযায়ী জায়গাটি তাদের দেওয়া হয়েছিল। কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল কমিটির, কিন্তু শাহাদাত সন্ত্রাসী কায়দায় ক্ষমতার দাপট দেখিয়ে এই কাজ করেছেন। আমরা এর বিচার দাবি করছি।
সাবেক রাষ্ট্রদূতের ছোট ভাই ও গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি ফোনে জানান, যে পরিবার কবরস্থানের জন্য জমি ও অর্থ দান করল, আজ তাদের কবরেই ভাঙচুর চালানো হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাইছি।
অভিযুক্ত শাহাদাতের বক্তব্য জানতে তার দড়িকান্দির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার এক ভাতিজা জানান, তিনি ভাটেরচর গিয়েছেন এবং তার মোবাইল নম্বরটি তাদের কাছে নেই। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, বিষয়টি তারা জেনেছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্মানের খাতিরে আমরা ৩ শতাংশ জায়গা তাদের পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য নির্দিষ্ট করে বেড়া দিয়ে দিই।





























