গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের জাতীয় সমস্যার সমাধানে উদ্ভাবনী প্রযুক্তির সঠিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই ফুটে ওঠে, যখন অর্জিত জ্ঞান অন্যদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। তাই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে নিজেদের দেশ ও সমাজের সেবায় উৎসর্গ করার পরামর্শ দেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও টুল ব্যবহারে সক্ষম হয়ে উঠতে হবে। বিশেষ করে যারা ব্যয়বহুল প্রযুক্তির খরচ বহন করতে অক্ষম, তাদের কাছে ভালো প্রকৌশলের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আইইউটির শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করে মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থিত এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি ওআইসির সঙ্গে দীর্ঘদিনের মূল্যবান সম্পর্কের একটি কার্যকর প্রতিফলন। এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মিলিত হয়ে অভিন্ন শিক্ষার ক্ষেত্র পান, যা ভবিষ্যতে গবেষণা ও শিল্প খাতে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। তিনি আইইউটির প্রতি অব্যাহত সমর্থনের জন্য ওআইসি ও এর সদস্যরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ।
এবারের সমাবর্তনে ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া সম্মানজনক ফলাফলের জন্য ৭ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হয়। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ওআইসি গোল্ড মেডেল এবং অন্য ৬ জন আইইউটি গোল্ড মেডেল অর্জন করেন। শিক্ষামন্ত্রী বিজয়ীদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।





























