ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন গভীর হওয়ার মধ্যেই কার্যকর হওয়ার মাত্র দুই দিন আগে রাশিয়ার ওপর আরোপ হতে যাওয়া বেশ কিছু মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ও ট্রাম্পের স্বাক্ষরিত এই আইনটিতে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক বিধিনিষেধের বিধান ছিল।
তবে শুক্রবার রাতে জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, এই নিষেধাজ্ঞাগুলোর কিছু অংশ স্থগিত করা আমেরিকার "জাতীয় স্বার্থের" অনুকূলে।
তাঁর এই সিদ্ধান্ত মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন নিষেধাজ্ঞাগুলোকে "পুরোপুরি উপেক্ষা" করার সিদ্ধান্ত নিয়েছে।
বাতিল হওয়া আইনের আওতায় রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে ট্রাম্পকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। এর মাধ্যমে রুশ তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা—বিশেষ করে চীন ও ভারতের মতো দেশের আমদানির ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ ছিল।
এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ জ্যেষ্ঠ সামরিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, রুশ আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়িয়ে কার্যক্রম চালানো মস্কোর কথিত "শ্যাডো ফ্লীট" বা ছায়া জাহাজের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত ছিল।
তবে ট্রাম্পের নির্বাহী আদেশের পর এসব বিধিনিষেধের একটি বড় অংশই কার্যকর হওয়া থেকে ছাড় পেল।
ট্রাম্পের এই পদক্ষেপকে রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিভ এক বার্তা সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে "একটি গুরুত্বপূর্ণ এবং সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত" হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এসব নিষেধাজ্ঞা বজায় থাকলে মূল ক্ষতি মার্কিন ও বিশ্ববাজারেরই হতো, অথচ অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের জন্যই কল্যাণকর।
অন্যদিকে ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য ডন বায়ারসহ একাধিক প্রভাবশালী ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন মস্কোর কাছে আত্মসমর্পণ করেছে এবং কিয়েভ ও জেলেনস্কির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
নিষেধাজ্ঞা মওকুফের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শনিবার সকালে জেলেনস্কি বলেন, সংঘাত থামানোর লক্ষ্যে রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টিতেই আইনটি আনা হয়েছিল এবং এসব নিষেধাজ্ঞা তাদের "বিপুল সাহায্য" করতে পারত।
শীতের ঠিক মুখে ইউক্রেনের ১৫টি জ্বালানি কেন্দ্রে রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, মস্কো দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটানোর চেষ্টা করছে।
এ পরিস্থিতিতে মার্কিন জনগণেরও জানা উচিত বাস্তবে ময়দানে কী ঘটছে। তিনি আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে রাশিয়ার ওপর থেকে আরও নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তবে তিনি উল্লেখ করেন, শুক্রবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন এবং আগামী সপ্তাহেও বৈঠক হতে পারে।
ইরান যুদ্ধের কারণে মার্কিন বাজারে জ্বালানির চড়ামূল্য নিয়ন্ত্রণে আনতে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক চাপ সামলাতে ট্রাম্প রুশ ডিজেল আমদানিতে আগের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। এ নিয়ে শুরুতেই ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সমালোচনার মুখে পড়েন তিনি।
পরবর্তীতে ট্রাম্প দাবি করেন, দুই দেশই "জ্বালানি যুদ্ধবিরতিতে" সম্মত হয়েছে। তবে রাশিয়ার নতুন হামলার পর কিয়েভ পুনরায় রুশ তেল শোধনাগারে হামলা শুরু করলে ট্রাম্প তাকে "লজ্জাজনক" বলে আখ্যা দেন। উত্তরে জেলেনস্কি সাফ জানিয়ে দেন, তিনি কেবল ইউক্রেনের স্বার্থ রক্ষা করছেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তের পাশাপাশি ইউক্রেনে মার্কিন স্যাটেলাইট নেটওয়ার্ক 'স্টারলিঙ্ক'-এর গতি হঠাৎ কমে যাওয়ায় মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, গত সপ্তাহে ড্রোন পরিচালনার ইন্টারনেট গতি আকস্মিকভাবে সীমিত হয়ে পড়ায় তাদের সামরিক নজরদারি ব্যাহত হয় এবং রুশ হামলা থেকে রক্ষা পাওয়ার সক্ষমতা কমে যায়।
এই সময়ে কোনো পূর্বসতর্কতা ছাড়াই হামলা চালিয়ে রাশিয়ার সেনারা একাধিক প্রাণহানি ঘটায়। শুক্রবার জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিঙ্কের গতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। যদিও ট্রাম্প স্যাটেলাইট ধীরগতির করার নির্দেশ দেওয়া বা গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে রণক্ষেত্রে রাশিয়ার আক্রমণ আরও জোরদার হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে রুশ হামলায় অন্তত ৯ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। এর মধ্যে শনিবার সকালে খেরসন শহরে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে এক ড্রাইভারকে হত্যা করা হয় এবং ২০ জন আহত হন।
এ ছাড়া জাপোরিজিয়াসহ বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ইস্পাত কারখানা, বৈদ্যুতিক সাব-স্টেশন এবং কৃষ্ণসাগরে থাকা একটি মালবাহী জাহাজে সফল হামলা চালিয়েছে।





























