চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন, যা শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অনাদিকাল থেকেই অসুস্থ হলে মানুষ বিভিন্ন উপায়ে আরোগ্য লাভের চেষ্টা করেছে। তবে প্রাচীন গ্রিক, রোমান ও মিসরীয় সভ্যতায় চিকিৎসার কিছু উন্নতি হলেও বর্তমান আধুনিক হাসপাতালের মতো প্রাতিষ্ঠানিক রূপ তখন ছিল না। রোগীর ঘরই ছিল প্রধান সেবা কেন্দ্র, কিংবা জটিল পরিস্থিতিতে ধর্মীয় মনীষীদের আশ্রমে ধরনা দেওয়া হতো। পরবর্তীতে মধ্যযুগে মুসলিম শাসক ও চিকিৎসাবিজ্ঞানীদের হাত ধরেই চিকিৎসাশাস্ত্র পূর্ণাঙ্গ যৌবন লাভ করে এবং প্রাতিষ্ঠানিক হাসপাতালের বিস্তার ঘটে।
ল্যাটিন শব্দ ‘Hospes’ থেকে এসেছে ‘Hospital’ শব্দটি, যার অর্থ চিকিৎসাগার। তবে মধ্যযুগে চিকিৎসালয়কে ফার্সি ভাষায় বলা হতো ‘বিমারিস্তান’, যার অর্থ রোগীর থাকার স্থান। এই যুগে আল-কোরআন ও হাদিসের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ইবনে সিনা, আল-বেরুনি, আত-তাবারি, আর-রাজি, ইবনে রুশদ ও আলি আল-মাওসুলির মতো কীর্তিমান মনীষীরা চিকিৎসাশাস্ত্রের আধুনিক ভিত্তি স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর আমলে যুদ্ধের ময়দানে আহত সাহাবিদের সেবার জন্য নিরাপদ দূরত্বে তাঁবু খাটিয়ে অস্থায়ী চিকিৎসার ব্যবস্থা করা হতো। বিশেষ করে খন্দকের যুদ্ধে আহত সাহাবিদের জন্য স্বতন্ত্র তাঁবু স্থাপন করে নারীদের সেবার দায়িত্বে নিযুক্ত করা হয়। হজরত সাদ ইবনে মুআজ (রা.)-কে এমন এক তাঁবুতে রেখেই চিকিৎসা দেওয়া হয়েছিল, যা থেকে পরবর্তীতে ভ্রাম্যমাণ হাসপাতালের ধারণা ছড়িয়ে পড়ে।
খোলাফায়ে রাশেদিন ও পরবর্তী শাসকবৃন্দের আমলেও এই ব্যবস্থা চালু ছিল। উমাইয়া খলিফা আবদুল মালিক বিন মারওয়ান (৬৪৬-৭০৫) বিপুল অর্থ ব্যয় করে একটি বিশাল হাসপাতাল নির্মাণ করেন, যেখানে প্রথিতযশা চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়। সেখানে রোগীদের শ্রেণি অনুযায়ী আলাদা বিভাগ, ২৪ ঘণ্টার জন্য পারদর্শী চিকিৎসক, বিশেষ নার্সিং সেবা এবং পুরুষ ও নারীদের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা ছিল। হাসপাতালের চারপাশে মনোরম পরিবেশ সৃষ্টির জন্য গাছপালা ও ফুল-ফলের বাগানও রাখা হয়েছিল। পরবর্তীতে তাঁর সন্তান খলিফা আল-ওয়ালিদ ইবনে মালিক (৬৬৮-৭১৫) পৃথিবীর ইতিহাসে প্রথম মানসিক হাসপাতাল স্থাপন করেন, যা কুষ্ঠরোগীদের চিকিৎসার জন্যও বিখ্যাত ছিল। এখানে চিকিৎসকদের জন্য মোটা অঙ্কের বেতন নির্ধারণ করা হতো।
আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদ ৮০৫ হিজরীতে ইরাকের বাগদাদে একটি সাধারণ হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এর পরপরই মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি হাসপাতাল গড়ে ওঠে। এছাড়া ৮৭২ সালে আহমদ ইবনে তুলুন মিসরের কায়রোতে প্রথম হাসপাতাল স্থাপন করেন। নবম শতকে তিউনিসিয়ায় এবং ৯৮২ সালে শাসক অদুদ আল-ওয়ালিদ বাগদাদে অত্যন্ত সুবিন্যস্ত ও পরিবেশবান্ধব একটি হাসপাতাল তৈরি করেন, যেখানে ২৫ জন চিকিৎসকের পাশাপাশি বহু বিশেষজ্ঞ নিযুক্ত ছিলেন। দশম শতকে কারাগারের বন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় জেলের ভেতরেই গড়ে তোলা হয় মিনি হাসপাতাল, যেখানে প্রতিদিন চিকিৎসকরা বন্দিদের পরীক্ষা ও চিকিৎসা দিতেন।
দ্বাদশ শতকে কায়রোতে ‘নাসিরি’ ও ‘মানসুরি’ নামে দুটি বিখ্যাত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এই সময়ে মহান বিজ্ঞানী আল-রাজি ইরানের রাইত শহরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। স্পেনের কর্ডোবা শহরেই ছিল ৫০টির বেশি হাসপাতাল, যার কয়েকটিকে সামরিক বাহিনীর চিকিৎসার জন্য নির্দিষ্ট রাখা হয়েছিল। খ্যাতনামা গবেষক ড. ডানল্ড ক্যাম্বেল লিখেছেন, ইসলামী শাসনামলে কেবল কর্ডোবাতেই প্রায় ৫০০ চিকিৎসাকেন্দ্র ছিল, যার মধ্যে ‘আল-জেকিরাজ’ ছিল অন্যতম। সরকারি খরচে পরিচালিত রাজ-চিকিৎসকরা এগুলো পরিদর্শন করতেন। এসব প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে মুসলিমদের পাশাপাশি বহু ইহুদি ও খ্রিস্টান চিকিৎসকও দায়িত্ব পালন করতেন।
দামেস্কের বিশিষ্ট শাসক সুলতান নুরুদ্দিন মুহাম্মদ জংগি (মৃত্যু ১১৭৪) তাঁর নিজের নামে নুরী হাসপাতাল নির্মাণ করেন। সেখানে প্রধান চিকিৎসক আবুল হিকাম ওরফে ইবনুদ দাখওয়ার এবং সহকারী হিসেবে ইবনু আবি উসাইবা ও ইবনু নাফিসের মতো মনীষীরা কাজ করতেন। প্রতিদিন প্রধান পরিচালক রোগীদের তদারকি করে ছাড়পত্র দিতেন এবং তাঁর পেছনে নার্স ও সেবকদের কাফেলা থাকত। এই হাসপাতালের সঙ্গে বিশাল এক গ্রন্থাগার তৈরি করা হয়েছিল, যা আজও ইতিহাসের অংশ হয়ে রয়েছে।
ভারতীয় উপমহাদেশেও মুসলিম শাসনামলে বহু সুসজ্জিত হাসপাতাল গড়ে ওঠে। সুলতান ফিরোজ শাহ তুঘলক (শাসনামল-৭৫২ হিজরি) ‘সিহহত খানা’ নামে হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং রোগীর নিখরচায় খাবার ও চিকিৎসার ব্যয় বহনে জমি ওয়াকফ করে দেন। ইতিহাসবিদ আবুল কাসেম ফেরেশতার মতে, সুলতান এমন পাঁচটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে মুঘল বাদশাহ জাহাঙ্গীরও গুরুত্বের সঙ্গে হাসপাতাল তৈরির নির্দেশ দেন। তাঁর সময়ের বিখ্যাত চিকিৎসক হেকিম আলি প্রতি বছর দরিদ্রদের মধ্যে ছয় হাজারের মতো ওষুধ বিনামূল্যে বিতরণ করতেন। এ ছাড়া সম্রাট আকবর ও তাঁর আমলারা বিভিন্ন সরাইখানায় চিকিৎসাসেবার ব্যবস্থা রেখেছিলেন। এভাবে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ উভয় পদ্ধতিতে মুসলিম মনীষীরা মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে সেবা প্রদান করেছিলেন।
আল ওয়ালিদ ইবনে মালিক (৬৬৮-৭১৫) খলিফা আবদুল মালিক বিন মারওয়ানের সন্তান। ৭০৫ থেকে ৭১৫ সাল পর্যন্ত খলিফার পদে আসীন ছিলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম মানসিক হাসপাতাল নির্মাণ করেন তিনি। তারপর থেকে মানসিক রোগ চিকিৎসায় বিজ্ঞানীরা উন্নতি সাধন আরম্ভ করে। কুষ্ঠব্যাধির জন্য বিখ্যাত ছিল হাসপাতালটি। ডাক্তারদের মোটা অঙ্কের বেতন-ভাতা নির্ধারণ ছিল এখানে।
আব্বাসিয় খলিফা হারুন-অর-রশিদ (৭৬৬-৮০৯) ৮০৫ হিজরীতে ইরাকের বাগদাদে সাধারণ হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই হাসপাতাল প্রতিষ্ঠার অল্প কিছুদিনের মধ্যে তৎকালিন মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় ৩০টির অধিক এমন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। তিনি বাগদাদের বিখ্যাত গ্রন্থাগার বাইতুল হিকমাহ প্রতিষ্ঠা করেন।




























