যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদের রিপাবলিকান প্রার্থী শন অলিভার মদপান করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত জানান।
৪২ বছর বয়সী শন অলিভার নিউ বেডফোর্ড সিটি কাউন্সিলের একজন কাউন্সিলর এবং পেশায় একজন কারারক্ষী। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত বিষয়ের কারণে যেন নির্বাচন আড়ালে চলে না যায়, তাই তিনি তার প্রচারণা বন্ধ করছেন। বোস্টন থেকে প্রায় ৬০ মাইল (৯৭ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত এক লাখ জনসংখ্যার নিউ বেডফোর্ড শহরে জন্ম ও বেড়ে ওঠা অলিভার ২০২৩ সালে প্রথমবার সিটি কাউন্সিলর নির্বাচিত হন।
ঘটনার পর রিপাবলিকান দলের গভর্নর পদপ্রার্থী, ব্যবসায়ী ও সামরিক বাহিনীর সাবেক সদস্য মাইক মিনোগ অলিভারকে অবিলম্বে প্রচারণা স্থগিত করার অনুরোধ জানান। এক্স-এ দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে মিনোগ লেখেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কোনো অজুহাত হতে পারে না। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি আনুষ্ঠানিকভাবে অলিভারের পদত্যাগ দাবি করবেন। আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বর্তমান গভর্নর মাওরা হিলি ও বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কিম ড্রিসকলের মুখোমুখি হচ্ছেন মিনোগ। উল্লেখ্য, ম্যাসাচুসেটসে লেফটেন্যান্ট গভর্নরের পদটি মূলত অলংকারিক হলেও গভর্নরের পদত্যাগ বা মৃত্যুতে তিনি পরবর্তী গভর্নর হন।
পুলিশ জানিয়েছে, শনিবার শেষ রাতের দিকে অলিভারের গাড়িটি বেশ কয়েকটি পার্ক করা গাড়িতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তিনি আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশের মুখপাত্র হলি হান্টুন এক ইমেইলে জানান, মদপান করে গাড়ি চালানো, অবহেলামূলক যান চালনা, নির্ধারিত লেন ভঙ্গ এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে অলিভারকে গ্রেফতার করা হয়। স্থানীয় গণমাধ্যম 'দ্য নিউ বেডফোর্ড লাইট' প্রথম এই গ্রেফতারের খবর প্রকাশ করে। নিউ বেডফোর্ডের ডেমোক্রেট মেয়র জন মিচেল অভিযোগটিকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, প্রকৃত ঘটনা জানার অধিকার জনগণের রয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য অলিভারের ফোনে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্তাধীন থাকায় অলিভারকে তার মূল কর্মস্থল ম্যাসাচুসেটস ট্রিটমেন্ট সেন্টারে সীমিত দায়িত্বে রাখা হয়েছে বলে ইমেইলে নিশ্চিত করেছেন অঙ্গরাজ্যের কারাকর্তৃপক্ষের মুখপাত্র লিন্ডসে করকোরান। মাঝারি নিরাপত্তার এই কেন্দ্রে যৌন অপরাধী এবং সামাজিকভাবে বিপজ্জনক ব্যক্তিদের রাখা হয়।




























