শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ঝিনাইগাতী উপজেলায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। এর আগে রবিবার সন্ধ্যা থেকে তিনি আরও ৭টি মণ্ডপ পরিদর্শন করেছিলেন।
পরিদর্শনকালে এমপি মাহমুদুল হক রুবেল বলেন, 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।' তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ঐতিহ্য ও শক্তি হলো এই সম্প্রীতি, যা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং ধর্মীয় উৎসব উদ্যাপন করবেন—এটাই প্রত্যাশা। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।































