রয়টার্স/ইপসোস-এর নতুন এক জনমত জরিপ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি সমর্থন তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ১৯ অক্টোবর প্রকাশিত এই জরিপের তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশেরও কম মানুষ প্রেসিডেন্টের কার্যক্রমকে সমর্থন করছেন। ট্রাম্পের জনপ্রিয়তা এখন ৩১ শতাংশ, যা রয়টার্স/ইপসোস-এর ট্র্যাকিংয়ে তার যেকোনো মেয়াদের মধ্যে সবচেয়ে কম এবং দুই সপ্তাহ আগের রেকর্ড থেকে এক শতাংশ কম।
প্রেসিডেন্টের এই জনপ্রিয়তার নিম্নমুখী প্রবণতা এমন এক সময়ে সামনে এল, যখন বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। একইসঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। নতুন এক জেনেরিক কংগ্রেসনাল ব্যালট জরিপে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছে, যা এই নির্বাচনী চক্রে রয়টার্স/ইপসোস-এর ট্র্যাকিংয়ে দলটির জন্য সবচেয়ে বড় ব্যবধান। চার দিন ধরে পরিচালিত এই জরিপে ১,৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে এবং এর ত্রুটির হার ২ শতাংশ পয়েন্ট।
ট্রাম্পের জন্য এই জরিপের ফলটি ১৮ অক্টোবর প্রকাশিত আরও দুটি নেতিবাচক প্রতিবেদনের ধারাবাহিকতা মাত্র। ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজ/ইপসোস-এর জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৩ শতাংশে নেমে এসেছে, যা গত জুলাইয়ের তুলনায় ৪ পয়েন্ট এবং অক্টোবর ২০২৫-এর তুলনায় ৮ পয়েন্ট কম। এছাড়া এনবিসি নিউজ/সার্ভেমাঙ্কি জরিপে তার জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন অর্থাৎ ৩৪ শতাংশে পৌঁছেছে। এই জরিপে ৫১ শতাংশ উত্তরদাতা প্রেসিডেন্টের কাজের প্রতি 'তীব্র অসন্তোষ' প্রকাশ করেছেন। এমনকি ল্যাটিনো ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা ৩১ শতাংশে সীমাবদ্ধ।
জরিপটিতে আরও দেখা গেছে যে, ৭১ শতাংশ নাগরিক মনে করছেন দেশ 'ভুল পথে' পরিচালিত হচ্ছে, যা এপ্রিল ২০২৫-এর তুলনায় ১০ শতাংশ পয়েন্ট বেশি। একই জরিপ অনুযায়ী, কংগ্রেসনাল ব্যালটে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ১০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
গত দুই দিনে প্রকাশিত এই তিনটি জরিপের পাশাপাশি সামগ্রিক জনমত জরিপের গড়ও ট্রাম্পের জন্য নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে। ১৯ অক্টোবর সোমবার পর্যন্ত রিয়েলক্লিয়ারপলিটিক্স-এর গড়ে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৮.৯ শতাংশ এবং অসমর্থন ৫৯.৩ শতাংশ। নিউইয়র্ক টাইমস-এর গড় অনুযায়ী তার জনপ্রিয়তা ৩৭ শতাংশ এবং অসমর্থন ৬১ শতাংশ। এছাড়া নেটি সিলভারের সিলভার বুলেটিন গড়ে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৭.৫ শতাংশ এবং অসমর্থন ৫৯.৯ শতাংশ দেখা গেছে।




























